নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক নুরিয়েল রুবিনি বলেছেন, বিশ্ব অর্থনীতি যদি আবার মন্দায় পতিত হয়, তাহলে স্বর্ণের তুলনায় মার্কিন ডলার, জাপানি ইয়েন ও সুইস ফ্রাঙ্কে বিনিয়োগ লাভজনক হবে।রুবিনি বলেন, ‘যদি দ্বিতীয় দফা মন্দা দেখা যায় ও ঝুঁকি কমানোর প্রবণতা বাড়ে, তাহলে বেশকিছু সম্পদের দিকে মানুষ ঝুঁকবে, যার মধ্যে অন্যতম হলো স্বর্ণ। কিন্তু এ রকম অবস্থায় ঝুঁকি কমানোর জন্য স্বর্ণের চেয়ে ডলার, ইয়েন ও ফ্রাঁতে বিনিয়োগ বেশি সুবিধাজনক। কেননা, এগুলো স্বর্ণের বাজারের তুলনায় অধিকতর তরল।’আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর গতি অত্যন্ত মন্থর হওয়ায় বিনিয়োগকারীরা অধিকতর নিরাপদ সম্পদে বিনিয়োগ করার দিকে ঝুঁকতে শুরু করেছে। গত ৩১ আগস্ট ইউরোর বিপরীতে সুইস ফ্রাঙ্ক সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। আবার গত মাসেই মার্কিন ডলারের ইয়েনের দর ১৯৯৫ সালের পর এই প্রথম সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।অন্যদিকে, এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দর ১৪ শতাংশ বেড়েছে। লন্ডনের বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে এক হাজার ২৪১ ডলার ১০ সেন্টে।রুবিনির মতে, স্বর্ণ এখন এই দরেই বেচা-বিক্রি হবে। অর্থাৎ এই দর আর বাড়বে না বলে মনে করেন তিনি।রুবিনি ব্যাখ্যা করে বলেন যে শুধু দুটি ক্ষেত্রে আবার স্বর্ণের দর বাড়তে পারে, যার মধ্যে একটি হলো মূল্যস্ফীতি। তবে উন্নত দেশগুলোয় মূল্যস্ফীতির কোনো সুযোগ নেই, বরং মূল্য সংকোচনের সম্ভাবনা আছে।রুবিনির মতে, দ্বিতীয় ক্ষেত্রটি হলো, বিশ্ব আর্থিক ব্যবস্থার বিপর্যয়। তবে আর্থিক ব্যবস্থার বিপর্যয় রোধে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।উল্লেখ্য, নুরিয়েল রুবিনি বিশ্বমন্দা তৈরির এক বছরের বেশি সময় আগেই এ সম্পর্কে সুস্পষ্টভাবে পূর্বাভাস দিয়েছিলেন। মন্দা আঘাত হানার পর ‘সঠিক ভবিষ্যদ্রষ্টা’ হিসেবে তিনি ব্যাপক খ্যাতি পান। সূত্র: ব্লুমবার্গ।