স্বর্ণের দর প্রথমবার ১৫০০ ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে স্বর্ণের দর প্রথমবারের মতো আউন্সপ্রতি এক হাজার ৫০০ ডলার অতিক্রম করেছে। গতকাল বুধবার লন্ডন বুলিয়ন মার্কেটে দিনের প্রথম ভাগে স্বর্ণের দর আউন্সপ্রতি এক হাজার ৫০৫ ডলার ৬৫ সেন্টে উন্নীত হয়। অবশ্য পরে তা কমে আসে এক হাজার ৫০৩ ডলার ৬০ সেন্টে। একদিকে মার্কিন ডলারের দুর্বল হয়ে পড়া, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বেড়ে চলা—এ দুয়ের যুগপৎ প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণকে বেছে নেওয়ায় এর চাহিদা ও দাম বেড়ে গেছে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন। গত সোমবারই স্বর্ণের দর বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে এবং আউন্সপ্রতি দেড় হাজার ডলারের দিকে ধাবিত হতে শুরু করে। আন্তর্জাতিক ঋণমান সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর আমেরিকার সার্বভৌম ঋণমানকে ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ পর্যায়ে নামিয়ে আনার পরেই স্বর্ণের চাহিদা বেড়ে যায়।কেননা, মার্কিন অর্থনীতি দীর্ঘমেয়াদি ঋণ সামাল দিতে কতখানি সক্ষম হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ায় ইউরোর বিপরীতে মার্কিন ডলারের মূল্য কমে গেছে। অন্যদিকে রৌপ্যের দরও ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। বিশ্ববাজারে আউন্সপ্রতি রৌপ্যের দাম এখন ৪৪ ডলার ৭৯ সেন্ট। ইতিমধ্যে চীন, ভারত ও ইউরো অঞ্চলের বিভিন্ন দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে মুদ্রানীতি কঠোর করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, স্বর্ণের দর অল্প সময়ের মধ্যেই প্রতি আউন্স এক হাজার ৬০০ ডলারে উন্নীত হতে পারে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দর ৬ শতাংশ বেড়েছে। সূত্র: এএফপি।