স্বর্ণের দর ভরিপ্রতি ৪১ হাজার টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও দাম বাড়ল। গতকাল বৃহস্পতিবার থেকে আরেক দফা দাম বাড়ানো হয়েছে। আর গত মাসেও দুই দফা দাম বাড়ানো হয়। ফলে দেশে এখন সবচেয়ে ভালোমানের স্বর্ণের দর ভরিপ্রতি ৪১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। গতকাল থেকে স্থানীয় বাজারে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বিভিন্ন গয়নার দর ৯০০ টাকার বেশি বাড়ানো হয়েছে। এর ফলে এখন বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ২৩২ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ৩৬৬ টাকা ও ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯৯২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতনি হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ২৭ হাজার ৫২৭ টাকা দরে বিক্রি হচ্ছে।অথচ আগের দিন বুধবারও প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪০ হাজার ২৯৯ টাকা, ২১ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা ও ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৯২ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতনি হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ২৭ হাজার ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এই নিয়ে চলতি বছরের প্রথম ১১ মাসে ভরিপ্রতি স্বর্ণের দর সর্বমোট আট হাজার টাকার বেশি দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দর গতকাল বৃহস্পতিবার প্রতি আউন্স এক হাজার ৩৯০ ডলারে বিক্রি হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিকে প্রতি আউন্স এক হাজার ৪০০ ডলার ছাড়িয়ে যায় । স্বর্ণ ব্যবসায়ীরা বলেছেন, ক্রমাগত বেড়ে চলা দামের কারণে স্বর্ণালংকার অনেক আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। উচ্চবিত্তরাই এখন এই ব্যবসা টিকিয়ে রেখেছেন। এখন যাঁরা আসছেন, তাঁরা মূলত বিয়েশাদীর জন্যই কিনছেন। চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৩২ হাজার ৮৯৩ টাকা, ২১ ক্যারেট ৩১ হাজার ৩৭৬ টাকা, ১৮ ক্যারেট ২৭ হাজার ৯৯৪ টাকা ও সনাতনি ২২ হাজার ১৬২ টাকা ।স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ায় এর প্রভাবে দেশীয় বাজারেও মূল্য বেড়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে দর বাড়া বা কমার ওপর দাম পরিবর্তন করা হয়। তাঁরা আরও জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ে। তা না হলে প্রতিবেশী দেশগুলোতে অবৈধ পথে চলে যাওয়ার আশঙ্কা থাকে।