স্বর্ণের দাম আউন্সপ্রতি ১,৬০০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। গত সোমবার ইউরোপে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে।ইউরোপ ও আমেরিকায় ঋণের সংকট ঘনীভূত হওয়ায় বিনিয়োগকারীরা এখন নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েছেন। চাহিদা বাড়ায় স্বর্ণের দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। গতকাল সোমবার সকালে ইউরোপের বাজারে স্বর্ণের দাম এক হাজার ৬০১ ডলার ৯০ সেন্টে উন্নীত হয়। এই নিয়ে এক সপ্তাহে স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়েছে। ২০০৯ সালের পর এমন ঘটনা দেখা যায়নি।আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ সার্বভৌম বা রাষ্ট্রীয় ঋণ পরিশোধের ক্ষেত্রে খেলাপি হয়ে পড়তে যাচ্ছে—এমন আশঙ্কায় ইতিমধ্যেই এসব দেশের বিহিত মুদ্রার ব্যাপক দরপতন ঘটেছে। সেখানকার শেয়ারবাজারেও বিক্রির চাপ বেড়ে গিয়ে বাজারে বড় ধরনের পতন ঘটেছে। বিশ্বের বড় বড় মুদ্রার সবগুলোর বিপরীতেই স্বর্ণের দাম বাড়ছে। শুধু তা-ই নয়—মার্কিন ডলার, ইউরো ও পাউন্ড স্টার্লিংয়ের সুইস ফ্রাঁ, দক্ষিণ আফ্রিকার র্যান্ড ও কানাডীয় ডলারের দাম বেড়েছে রেকর্ড পরিমাণে।আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা বলছেন, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে এবং সুইজারল্যান্ডের মুদ্রার বিপরীতে ক্রমাগত মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, স্টার্লিংয়ের মুদ্রার মান কমে যাওয়ায় বিনিয়োগকারীরা এখন স্বর্ণকে অনেকে নিরাপদ আশ্রয় মনে করছেন। স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর দামও বাড়তে শুরু করেছে। মে মাসের পর গতকালই প্রথম প্রতি আউন্স রুপার দাম ৪০ ডলার অতিক্রম করেছে। এর আগে এপ্রিল মাসে রৌপ্যের দাম একপর্যায়ে সর্বোচ্চ ৪৯ ডলার ৫১ সেন্টে উন্নীত হয়েছিল। সূত্র: রয়টার্স।