আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দাম বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬০ হাজার ৬৫২ টাকা। আজ রোববার থেকে এই দর কার্যকর হবে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ায় বাজুস। বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৬০ হাজার ৬৫২ টাকা, ২১ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৩৭ হাজার ৫৫৮ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম হবে এক হাজার ৬৩২ টাকা। সর্বশেষ দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৫৯ হাজার ৪৮৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮০৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭ টাকা। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের দাম ছিল ৩৬ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৫৭৪ টাকা। আজ থেকে দাম বাড়ায় ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের দরের চেয়ে এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৭ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়বে। আর রুপার দাম ভরিপ্রতি বাড়বে ৫৮ টাকা।