স্বর্ণের দাম আরেক দফা বাড়ল
দেশের স্বর্ণের বাজার ক্রমেই মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দর বাড়ার সঙ্গে সঙ্গে দেশের স্বর্ণ ব্যবসায়ীরাও দর বাড়িয়ে দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। সর্বশেষ গতকাল রোববারও স্বর্ণের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে গত দেড় মাসে সব ধরনের স্বর্ণের দাম চার দফা বাড়ানো হলো।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬০ হাজার ১২৮, ২১ ক্যারেট ৫৭ হাজার ৪৪৫ ও ১৮ ক্যারেট ৪৯ হাজার ২২২ টাকা হয়েছে। সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের ভরির দাম হয়েছে ৩৭ হাজার ৯০৮ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ঠিক করা হয়েছে এক হাজার ৬৩৩ টাকা।অর্থাৎ আগের চেয়ে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেট এক হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেট ৯৩৪ টাকা ও সনাতনী স্বর্ণের দাম ৮১৭ টাকা বেড়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়।গতকাল বিকেলে স্বর্ণের দর বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন সমিতির নেতারা। আজ সোমবার থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর করা হবে।সর্বশেষ ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেদিন ঘোষিত দর ছিল ২২ ক্যারেট ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ৫৮ হাজার ৯৬১ টাকা; ২১ ক্যারেট প্রতিভরি ৫৬ হাজার ৩৩৭ টাকা ও ১৮ ক্যারেট ৪৮ হাজার ২৮৮ টাকা। আর সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের ভরি ৩৭ হাজার ৯১ টাকা।জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মূলত দুটি কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে ইরান নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সে কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। দ্বিতীয়ত, অলংকার তৈরির কাঁচামালের (পাকা সোনা) দাম দেশীয় ও আন্তর্জাতিক দুই বাজারেই বেড়েছে। সে কারণে দাম বাড়াতে হয়েছে।’আমিনুল ইসলাম আরও জানান, প্রতিভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাকে মজুরি হিসেবে গড়ে তিন হাজার টাকা এবং এই দুয়ের ওপর দুই শতাংশ হারে মূল্য সংযোজন কর দিতে হয়। সেই হিসেবে ২২ ক্যারেট স্বর্ণের গয়নার দর পড়বে প্রতিভরি ৬৪ হাজার ৩৯০ টাকা।