আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। দেশে এখন সবচেয়ে ভালোমানের স্বর্ণের দর ভরিপ্রতি আবার ৩৮ হাজার টাকার ওপরে চলে গেছে। গত শুক্রবার থেকে স্থানীয় বাজারে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দর ৮০০ টাকার বেশি বাড়ানো হয়েছে। এই নিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে ভরিপ্রতি স্বর্ণের দর সর্বমোট পাঁচ হাজার ১০০ টাকার বেশি দাম বাড়ল। স্বর্ণ ব্যবসায়ীরা বলেছেন, ক্রমাগত বেড়ে চলা দামের কারণে স্বর্ণালংকার অনেক আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে। উচ্চবিত্তরাই এখন এই ব্যবসা টিকিয়ে রেখেছে। বিয়েসহ নিতান্ত প্রয়োজন ছাড়া গহনার দোকানে এখন ক্রেতাদের আনাগোনা কমে গেছে। তাঁরা আরও বলেন, আগে ঈদকে সামনে রেখে অনেকেই স্বর্ণের গহনা কিনতে আসতেন। এবারও খদ্দের আসছেন। তবে আগের তুলনায় সংখ্যা অনেক কমে গেছে।গত কয়েক বছর ধরেই স্বর্ণের দাম দফায় দফায় বেড়েছে। তবে চলতি বছরের প্রথম নয় মাসেই সর্বমোট নয় বার দর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে একবার কমানো হয়েছে আর বাকি আটবারই বাড়ানো হয়েছে দর। এই ধারাবাহিকতায় সর্বশেষ দর বেড়েছে ৩ সেপ্টেম্বর শুক্রবার। এদিন স্বর্ণের দাম প্রতিভরিতে গড়ে ৮০০ টাকার বেশি বেড়েছে। বর্তমানে বাজারের প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৩৮ হাজার ২৫ টাকা; ২১ ক্যারেট ৩৬ হাজার ৩৩৪ টাকা ও ১৮ ক্যারেট ৩২ হাজার ৩৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ২৫ হাজার ১৯৪ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত বৃহস্পতিবারও প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৩৭ হাজার ২০৮ টাকা; ২১ ক্যারেট ৩৫ হাজার ৫৭৫ টাকা ও ১৮ ক্যারেট ৩১ হাজার ৬৬৮ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণ ২৮ হাজার ৬১১ টাকা দরে বিক্রি হয়েছিল। অবশ্য এর আগেও একবার স্বর্ণের ভরি ৩৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল। চলতি বছরের ২৩ জুন দাম বেড়ে ২২ ক্যারেট স্বর্ণ ৩৮ হাজার ৩৭৫ টাকা; ২১ ক্যারেট ৩৬ হাজার ৬২৫ টাকা ও ১৮ ক্যারেট ৩২ হাজার ৬৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতনী পদ্ধতির গহনা বিক্রি হয়েছে প্রতিভরি ২৫ হাজার ৪২৮ টাকা দরে । পরে ১০ জুলাই এই দর কিছুটা কমানো হয়েছিল, যা ২ সেপ্টেম্বর পর্যন্ত বহাল ছিল।চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ছিল ৩২ হাজার ৮৯৩ টাকা; ২১ ক্যারেট ৩১ হাজার ৩৭৬ টাকা; ১৮ ক্যারেট ২৭ হাজার ৯৯৪ টাকা ও সনাতনী ২২ হাজার ১৬২ টাকা।রাজধানীর আনারকলি, মৌচাক, চাঁদনীচক, বায়তুল মোকাররম প্রভৃতি বিপণিবিতানের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দাম বাড়ায় নতুন ক্রেতা কমে গেছে। বিয়ের অনুষ্ঠান ছাড়া কেউ শখ করে স্বর্ণের দোকানে আসে না। তবে ঈদের আগে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে বলে তাঁরা জানান।স্বর্ণের ভরি ১০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার পর থেকেই বাজারে ক্রেতার সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। আর এখন সেই স্বর্ণের দাম ৩৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। মূলত এক বছরের ব্যবধানে ভরিতে পাঁচ হাজার টাকা দাম বাড়ায় বেচাবিক্রির পরিমাণও এখন অনেক কম। রাজধানীর আনারকলি মার্কেটের ক্রেতা গৃহবধূ রাজিয়া সুলতানা জানান, স্বর্ণের দাম বাড়ায় গহনা কেনা বন্ধ। মেয়েকে কথা দিয়েছিলাম ঈদের আগে একটা স্বর্ণের চেইন দেব। গত সপ্তাহে এসে দেখে গিয়েছিলাম। কিন্তু এখন দেখছি প্রতিভরি প্রায় এক হাজার টাকা বেড়ে গেছে। তিনি বলেন, এভাবে দাম বাড়লে স্বর্ণের গহনার পরিবর্তে ইমিটেশন অথবা রূপার গহনাই পরতে হবে। বাংলাদেশ গহনা প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ায় এর প্রভাবে দেশীয় বাজারেও দাম বেড়েছে। গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। এ কারণে স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে দর বাড়া বা কমার ওপর দাম পরিবর্তন করা হয়। আনোয়ার হোসেন আরও বলেন বলেন, মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা ডলারের পরিবর্তে স্বর্ণের মজুদ বাড়িয়েছে। একই সঙ্গে চীন ও ভারতে বেড়েছে অভ্যন্তরীণ চাহিদা। এসব কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বেড়ে গেছে।স্বর্ণের ভরিপ্রতি তুলনামূলক দর (টাকায়) জানুয়ারি ’১০ সেপ্টেম্বর ’১০২২ ক্যারেট ৩২,৮৯৩ ৩৮,০২৫২১ ক্যারেট ৩১,৩৭৬ ৩৬,৩৩৪১৮ ক্যারেট ৩০,৭৩৪ ৩২,৩৬৮ সনাতনী ২২,১৬২ ২৫,১৯৪