স্বর্ণের দাম ভরিপ্রতি দেড় হাজার টাকা পর্যন্ত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৭ টাকা পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল রোববার থেকে নতুন এই দর সারা দেশে কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৭ হাজার ৯৭০ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৪০৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এখন প্রতি ভরি ৩৬ হাজার ৪১ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৫১৬ টাকা।বাজুস জানায়, এর আগে গত ২০ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। তখন স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত বেড়েছিল। সর্বশেষ দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৫৬ হাজার ৪৫৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ৫৩ হাজার ৮৮৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের দাম ছিল ৩৪ হাজার ৯৯২ টাকা। অন্যদিকে ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৪৫৬ টাকা।গতকাল থেকে দাম বাড়ায় ভরিপ্রতি ২২ এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম আগের দরের চেয়ে এক হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা এবং সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বেড়েছে। আর রুপার দাম বেড়েছে ৬০ টাকা।বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘গত পাঁচ-ছয় দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়েছে। সর্বশেষ প্রতি আউন্স স্বর্ণের দাম হয় এক হাজার ৬৭০ ডলার। তাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করতে হয়েছে। অন্যথায় প্রতিবেশী দেশে অবৈধপথে পাচার হওয়ার আশঙ্কা থাকে।’ আমিনুল ইসলাম আরও বলেন, ‘রমজান মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৬০০ ডলারের কাছাকাছি ছিল। তখন এই দর ১০ থেকে ২০ ডলারের মধ্যে ওঠানামার কারণে দেশে সমন্বয় করার প্রয়োজন হয়নি।’