স্বর্ণের ভরি এখন ৪০ হাজার টাকা ছুঁই ছুঁই
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও দাম বাড়ল। চলতি মাসের প্রথম সপ্তাহেই এই দাম বাড়ানো হয়েছে। গত মাসেও দুই দফা দাম বাড়ানো হয়। ফলে দেশে এখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের দর ভরিপ্রতি ৪০ হাজার টাকা ছুঁই ছুঁই করছে। গত সোমবার থেকে স্থানীয় বাজারে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দর ৭০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৩৯ হাজার ৬৫৮ টাকা, ২১ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ ও ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ২৬ হাজার ৪৭৭ টাকা দরে বিক্রি হচ্ছে।অথচ গত রোববারও প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৩৮ হাজার ৯৫৮ টাকা, ২১ ক্যারেট ৩৭ হাজার ২০৮ ও ১৮ ক্যারেট ৩৩ হাজার ১২৬ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ২৬ হাজার ১১ টাকা দরে বিক্রি হয়েছে।এ নিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে ভরিপ্রতি স্বর্ণের দর সাড়ে ছয় হাজার টাকার বেশি দাম বাড়ানো হয়েছে।বিশ্ববাজারে স্বর্ণের দর এখন প্রতি আউন্স এক হাজার ৩৪৬ ডলারে উন্নীত হয়েছে।স্বর্ণ ব্যবসায়ীরা বলেছেন, ক্রমাগত বেড়ে চলা দামের কারণে স্বর্ণালংকার অনেক আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে। উচ্চবিত্তরাই এখন এই ব্যবসা টিকিয়ে রেখেছেন। এখন যাঁরা আসছেন, তাঁরা মূলত বিয়ে-শাদির জন্যই কিনছেন।চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৩২ হাজার ৮৯৩ টাকা, ২১ ক্যারেট ৩১ হাজার ৩৭৬, ১৮ ক্যারেট ২৭ হাজার ৯৯৪ ও সনাতনী ২২ হাজার ১৬২ টাকা।স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ায় এর প্রভাবে দেশীয় বাজারেও মূল্য বেড়েছে। গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে গেছে। এ কারণে স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে দর বাড়া বা কমার ওপর দাম পরিবর্তন করা হয়।