স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন
রাজধানীর উত্তরায় স্বল্প ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণের দর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।একেকটি ফ্ল্যাটের আয়তন হবে এক হাজার ২৫০ বর্গফুট। আর ফ্ল্যাটগুলো হবে ‘এ’ টাইপের।ক্রয় কমিটি মোট ২০ হাজার ফ্ল্যাটের মধ্যে এই দফায় একটি বেজমেন্টসহ ১৬ তলাবিশিষ্ট ৪৮টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ, পয়ঃপ্রণালী, অগ্নিনির্বাপণব্যবস্থা ইত্যাদি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।এতে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম এ অনুমোদনের কথা জানিয়েছেন। নুরুল করিম জানান, ফ্ল্যাট নির্মাণের কিছু কাজ হবে রাজউকের আওতায়, আর কিছু হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায়। রাজউকের আওতায় ৮৪৪ কোটি ৬০ লাখ টাকার কাজ পেয়েছে যৌথভাবে এনা-ডন্গা ও বিএফএল-এইচসিএল। গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় অনুমোদন দেওয়া হয়েছে ৮৬২ কোটি ৩৬ লাখ টাকার কাজ।এটিসহ বৈঠকে মোট ১১টি দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান নুরুল করিম। এর মধ্যে বিদ্যুৎ-সংক্রান্ত প্রস্তাব চারটি। নরসিংদীর ঘোড়াশালে ১৪৫ মেগাওয়াটের তিন বছর মেয়াদি ভাড়াভিত্তিক ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে রূপান্তরকরণের দর প্রস্তাব অনুমোদিত হয়েছে।ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য থেকে নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও) ভিত্তিতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্পনসর নিয়োগের দর প্রস্তাব অনুমোদিত হয়েছে। যাত্রাবাড়ী ও আমিনবাজারে এ বিদ্যুৎকেন্দ্র হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) অধীনে ৪৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের বিদ্যুৎ লাইন নির্মাণ ও পুনর্বাসনকাজের দর প্রস্তাব এবং ১১৩ কোটি টাকা ব্যয়ের ছয়টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ১৪টি পুরোনো উপকেন্দ্রের পুনর্বাসনসংক্রান্ত কাজের দর প্রস্তাব অনুমোদিত হয়েছে।এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি দর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে একটি হলো বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা সিস্টেম) শীর্ষক প্রকল্পের পাঁচ প্যাকেজে খননকাজের দর প্রস্তাব। এতে ব্যয় হবে ৭১ কোটি টাকা।‘ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু সেতুর কাছে যমুনা নদীতে ছয় কিলোমিটার খনন ও রক্ষণাবেক্ষণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের দর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৮৫ কোটি টাকা। এ ছাড়া পুংলী নদীর খননকাজের চার প্যাকেজের দর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে মোট ৯৫ কোটি টাকা ব্যয় হবে।