স্বল্প আয়ের মানুষের জন্য সুখবর নেই

কামরুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে। মাসে মাইনে পান ৩০ হাজার টাকা। অফিস মতিঝিলে, থাকেন মিরপুর-১১ নম্বরে। কারণ, এখানে বাড়িভাড়া তুলনামূলক কম।
পূর্বপরিচিত কামরুলের সঙ্গে কথা হয় দুই দিন আগে। জানালেন, মাসের শুরুতেই বেতনের এক-তৃতীয়াংশ তুলে দিতে হয় বাড়িওয়ালার হাতে। বাগেরহাটে নিজের বাড়ি থাকলেও চাকরিসূত্রে ঢাকায় তাঁর থাকতেই হয়। কোনোভাবে যদি তিনি ছোট্ট একটি ফ্ল্যাট কিনতে পারতেন, তাহলে প্রতি মাসে বাড়িভাড়া দেওয়া থেকে তো বেঁচে যেতেনই, কিস্তি শেষ হলে একসময় একটি ফ্ল্যাটের মালিকও হতে পারতেন।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় আবাসন ব্যবসায়ীদের সবচেয়ে বেশি আবাসিক প্রকল্প (তৈরি ও নির্মাণাধীন আবাসিক ভবন) মিরপুরে।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার কাছে জানতে চাওয়া হলো, যেসব চাকরিজীবীর বেতন ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা, তাঁরা আপনাদের তৈরি ফ্ল্যাট কীভাবে কিনবেন? তাঁর সরাসরি উত্তর, ‘তাঁরা আমাদের কোনো ফ্ল্যাট কিনতে পারবেন না। যদি না...।’
এই ‘যদি না...’র ফিরিস্তি কিছুক্ষণ পরে দেওয়া হবে। তবে রিহ্যাব সহসভাপতির বক্তব্য থেকে এইটুকু স্পষ্ট যে ঢাকায় আবাসন ব্যবসায়ীদের কয়েক হাজার আবাসন প্রকল্প থাকলেও তাতে স্বল্প আয়ের মানুষের জন্য কোনো সুখবর নেই।
‘যদি না...’ প্রসঙ্গ: শুরু করা যাক, লিয়াকত আলী ভূঁইয়ার বক্তব্য দিয়েই, ‘তাঁরা আমাদের কোনো ফ্ল্যাট কিনতে পারবেন না। যদি না তাঁদের সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়ার সুবিধা না দেওয়া হয়। স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ফ্ল্যাট কেনার জন্য এটা অবশ্যই লাগবে। কারণ, ৩৫ লাখ টাকার নিচে ঢাকায় কোনো ফ্ল্যাট নেই বললেই চলে।’
রিহ্যাবে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় সর্বনিম্ন ৬৫০-৭০০ বর্গফুটের ফ্ল্যাট তৈরি হয়। এক হাজার, ১ হাজার ৫০০ বর্গফুটের ফ্ল্যাটের ভিড়ে এমন ছোট ফ্ল্যাটের পরিমাণ হাতে গোনা।
আবার যা-ও ছোট ফ্ল্যাট আছে, তার দামও বেশ চড়া। ঢাকায় প্রতি বর্গফুট চার হাজার টাকার নিচে—এমন ফ্ল্যাট মেলাই দুষ্কর। এখন এই দামে ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের দামই পড়বে ২৮ লাখ টাকা। এর সঙ্গে যোগ হবে নিবন্ধন ফিসহ আনুষঙ্গিক অন্যান্য খরচ। সব মিলিয়ে যে খচরটা দাঁড়ায়, তাতে ফ্ল্যাট আর স্বল্প আয়ের মানুষের হাতের নাগালে থাকে না।
এই যখন ছোট আকারের ফ্ল্যাটের অবস্থা, তখন মাঝারি আকারের ফ্ল্যাট পুরোপুরিই স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। কারণ, ঢাকায় ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা বর্গফুটের ফ্ল্যাটও কম নয়।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত রিহ্যাবের মেলায় কথা হয় চাকুরে মোহাম্মদ মোস্তফার সঙ্গে। তিনি বলেছিলেন, ‘২০ থেকে ২৫ লাখ টাকার বেশি দামের ফ্ল্যাট কেনা আমার পক্ষে সম্ভব নয়। কারণ, চাকরি করে যে টাকা বেতন পাই, তা দিয়ে এর বেশি দামে ফ্ল্যাট কিনলে কিস্তি পরিশোধ করতে পারব না।’ তাঁর আক্ষেপ ছিল, ‘২৫ থেকে ৩০টি স্টল ঘুরেছি। ছোট ফ্ল্যাট নেই, অন্য সব ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া।’
ফ্ল্যাটের দাম এত বেশি কেন?: আবাসন খাত কয়েক বছর ধরেই একধরনের মন্দা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই মনে করেছিলেন, এবার বুঝি ফ্ল্যাটের দাম কমবে। কারণ, অবিক্রীত ফ্ল্যাট বিক্রির জন্য ব্যবসায়ীদের ওপর চাপ তৈরি হবে। ফলে কমবে ফ্ল্যাটের দামও। কিন্তু বাস্তবে এমনটা হয়নি। এত কিছুর পরও কেন ফ্ল্যাটের দাম কমে না, কয়েকজন আবাসন মালিক ও রিহ্যাবের নেতাদের সঙ্গে আলাপ করে কয়েকটি কারণ জানা গেছে।
প্রথমত, ২০১২ সালে আবাসন ব্যবসায়ীরা একসঙ্গে অনেকগুলো প্রকল্পের কাজ শুরু করেছিলেন। কিন্তু আগের ফ্ল্যাটসহ এই ফ্ল্যাটগুলোর বিক্রি তেমন না হওয়ায় ২০১৪ সাল থেকে অনেকেই নতুন প্রকল্প হাতে নিচ্ছেন না। ফলে নতুন ফ্ল্যাটও কম হচ্ছে। দ্বিতীয়ত, আবাসনপ্রতিষ্ঠানগুলো কম লাভে ক্রেতাদের কাছে ফ্ল্যাট বিক্রি না করে বরং সুদিনের জন্য অপেক্ষা করছেন। তৃতীয়ত, সবচেয়ে বড় কারণ জমির দাম। প্রতিবছরই জমির দাম হু হু করে বাড়ছে। সে কারণে ফ্ল্যাটের দামও বাড়ছে। চতুর্থত, আবাসন খাতের সঙ্গে নির্মাণসামগ্রীসহ শতাধিক ধরনের পণ্য জড়িত। এসব পণ্যের দামও ফ্ল্যাটের দাম বাড়াচ্ছে।
উপায় কী: স্বল্প আয়ের মানুষ কীভাবে ফ্ল্যাটের মালিক হতে পারবেন? বিষয়টি নিয়ে কথা বললে আবাসন খাতের ব্যবসায়ীরা দুটি উপায়ের কথা বলেছেন। একটি হলো, স্বল্প আয়ের মানুষের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। দ্বিতীয়টি, ঢাকার আশপাশে স্যাটেলাইট শহর তৈরি।
রিহ্যাব সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, পৃথিবীর কোনো দেশেই ক্রেতারা সম্পূর্ণ নিজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারেন না। স্বল্প আয়ের মানুষের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা থাকে। এই সুবিধা নিয়েই তাঁরা ফ্ল্যাট কিনে থাকেন। কিন্তু দেশে এই ঋণসুবিধা খুবই সীমিত।
তবে গত ১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক গৃহঋণে বড় ধরনের সুবিধা দিয়েছে। ব্যাংকগুলো এখন ফ্ল্যাটের ক্রেতাদের ১ কোটি ২০ লাখ পর্যন্ত ঋণ দিতে পারবে। আগে এই সীমা ছিল এক কোটি টাকা। একই সঙ্গে আগে যেখানে ফ্ল্যাটের অর্ধেক দাম পর্যন্ত ঋণ দিত ব্যাংক। ব্যাংকগুলো এখন থেকে ফ্ল্যাটের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে। তবে আবাসন-মালিকেরা বলছেন, এর চেয়েও বেশি প্রয়োজন ক্রেতাদের জন্য একটি তহবিল গঠন করা। যেখান থেকে ফ্ল্যাটের ক্রেতাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।