স্বল্প টাকায় বিমা গ্রাহকেরা ব্যাংক হিসাব খুলতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমার গ্রাহকদের জন্য স্বল্প টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, অভিযোগ রয়েছে যে, বিমা গ্রাহকেরা অনেক সময় টাকা পান না। কারণ তাঁদের কোনো ব্যাংক হিসাব নেই। অথচ আইনে আছে, তাঁদের দাবির টাকা যাবে ব্যাংকে। অর্থমন্ত্রী আরও বলেন, ১০ টাকা দিয়ে কৃষকের জন্য ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। বিমা গ্রাহকদের জন্যও সে রকম অল্প টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হবে। গতকাল রোববার সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বিআইএর সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে সংগঠনের সব সদস্য এ সময় উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘বিআইএর সঙ্গে বিমা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশে ৬০টি বিমা কোম্পানি রয়েছে। আরও আসবে বলে আশা করছি। কিন্তু এ খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে।’ মুহিত আরও বলেন, বিমা একাডেমিতে ভালো কিছু কাজ হচ্ছে না। প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ জনশক্তি গড়ে তোলা দরকার। এ জন্য প্রয়োজনে বৈদেশিক সহায়তা কাজে লাগানো হবে।অর্থমন্ত্রী জানান, ‘ইসলামী বন্ডের কিছু সমস্যার কথা শুনিয়েছে বিআইএ। তারা বলেছে, এতে তাদের লাভ হয় না। আর কৃষি ও স্বাস্থ্যবিমা চালুর কথাও বলেছে। কৃষি বিমা তো চালুর চেষ্টা করছি।’ মুহিত বলেন, বিমা এজেন্টরা স্বল্প আয়ের মানুষ। তাদের করের আওতার বাইরে রাখার দাবি জানিয়েছে বিআইএ। বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হবে। অর্থমন্ত্রী আরও বলেন, ‘জীবন বিমা কোম্পানিগুলো বহু আগে থেকেই বলে আসছে, তাদের কাছে বড় ধরনের তহবিল রয়েছে, যা ভালোভাবে ব্যবহার করা যায়। ভারতে এ রকম তহবিল ব্যবহার করা হচ্ছে, আমাদেরও করা উচিত।’আগামী তিন মাসের মধ্যে বিনিয়োগ বন্ড ইস্যু করার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এই বন্ডে জীবন বিমার তহবিল ব্যবহারের চিন্তা করা হচ্ছে।’ কত টাকায় বিমা গ্রাহকদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সেটা ১০০ টাকায়ও হতে পারে।’বিআইএ সভাপতি শেখ কবির হোসেন বলেন, বিমা কোম্পানির মূল্যায়নের জন্য দেশে কোনো অ্যাকচুয়্যারি প্রতিষ্ঠান নেই। কেউ কেউ বিদেশ থেকে কোম্পানির মূল্যায়ন করিয়ে আসছিল। কিন্তু আইনে বলা আছে, এখানেই করতে হবে। এটা কী করে সম্ভব?অর্থমন্ত্রী এ প্রসঙ্গে এম শেফাক আহমেদ, সোহরাব উদ্দিন আহমেদ ও জাফর হালিম—এই তিনজন অ্যাচুয়্যারির নাম উল্লেখ করেন।