
স্বল্প পরিসরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিআইপিইটি) যাত্রা শুরু হয়েছে। প্লাস্টিকশিল্প খাতে দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ, পণ্য পরীক্ষা ও মান উন্নয়নে বিভিন্ন গবেষণা করতে এটি প্রতিষ্ঠা করছে প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। ইনস্টিটিউটের অধীনে গত বুধবার শিল্পের ২৯ জন শ্রমিককে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি জসিম উদ্দিন। বর্তমানে সমিতির পুরান ঢাকার লালবাগের শাখা অফিসে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব মিলিয়ে ২৭ কোটি টাকা লাগবে। এর মধ্যে সরকার ১০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমানে ঢাকার আশপাশে বিআইপিইটির জন্য জায়গা খোঁজা হচ্ছে। ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে জসিম উদ্দিন বলেন, ‘বিআইপিইটি পুরোপুরি চালু হলে দক্ষ জনবলের কারণে প্লাস্টিক খাতের প্রবৃদ্ধির হার বাড়বে। নতুন বিনিয়োগ এবং এই খাতের রপ্তানি আয় বাড়বে।’