গাড়ি ব্যবসার জন্য দুই বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর এলাকার পরিবহন ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০১০ সালে মোট ৩২ লাখ টাকা ঋণ নেন তিনি। এই ঋণের বিপরীতে মাসিক কিস্তির পরিমাণ ছিল ৮২ হাজার টাকা। ঋণের টাকায় দুটি মাইক্রো এবং একটি কার কিনে তা ভাড়ায় চালাতেন মোশাররফ। এ থেকে যে আয় হতো, তা দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করতেন নিয়মিত।
কিন্তু বিএনপির ডাকা টানা অবরোধ-হরতালে গত প্রায় দেড় মাসে পরিস্থিতি পাল্টে গেছে। নিয়মিত কিস্তি পরিশোধকারী মোশাররফ হোসেন এরই মধ্যে দুই মাসের কিস্তি খেলাপিতে পরিণত হয়েছেন। বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার ঋণগ্রহীতা মোশাররফ হোসেনের কিস্তি খেলাপিতে পরিণত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জাকির হোসেন। একই অবস্থা ওই শাখার আরেক ঋণগ্রহীতা রাসেল ব্যাপারীরও।
এখন কিস্তি আদায়ে ব্যাংক নিয়মিত চাপ দিচ্ছে এই দুই ঋণগ্রহীতাকে। কিন্তু অসহায় স্বল্প পুঁজির এ দুই ব্যবসায়ী। ব্যাংকের চাপে বারবার অনুনয়-বিনয় করে সময় নিচ্ছেন কিস্তি পরিশোধের। কিন্তু কিস্তির টাকা জোগাড়ের কোনো পথ খুঁজে পাচ্ছেন না মোশাররফ ও রাসেল।
যোগাযোগ করা হলে মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার গাড়ি রাস্তায় নামাতে পারব কিছুই জানি না। গাড়ি চালাতে না পারলে ব্যাংকের কিস্তি পরিশোধেরও কোনো পথ খুঁজে পাচ্ছি না।’
এ তো গেল লক্ষ্মীপুর এলাকার স্বল্প পুঁজির দুই পরিবহন ব্যবসায়ীর কথা। এই অঞ্চলে নারকেল, সয়াবিন ও সুপারির ঐতিহ্যগত ব্যবসা রয়েছে। জেলার প্রায় প্রতিটি গ্রামের ঘরের উঠানে, রাস্তায় রয়েছে কমবেশি নারকেল, সুপারিগাছ।
লক্ষ্মীপুর সদরের অদূরে দালালবাজারে প্রতি সোম ও শুক্রবার নারকেলের হাট বসে। দালালবাজার এলাকায় রয়েছে নারকেলের পাইকারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রতিষ্ঠান। জিদান ট্রেডার্স তারই একটি। গতকাল দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহিরুল ইসলাম জানান, সারা বছর সামর্থ্য অনুযায়ী স্থানীয়ভাবে পণ্য সংগ্রহ করা হয়। আর সেগুলোর বিক্রির মৌসুম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ বছর তাঁকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।
বিক্রির জন্য এ বছর প্রায় ৬০ হাজার নারকেল সংগ্রহ করেছিলেন জহিরুল ইসলাম। প্রতি হাজার নারকেলের দাম পড়েছে ১৭ হাজার টাকা। অথচ এখন তা বিক্রি করতে হচ্ছে ১৩ হাজার টাকায়। এতে প্রতিটি নারকেলে তাঁর চার টাকা করে লোকসান হচ্ছে। একে তো দাম কমেছে, তার ওপর বাড়তি পরিবহন খরচ তাঁর এ ক্ষতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।
জেলা শহরের মান্দারিবাজারের সয়াবিনের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স সালাউদ্দিন ট্রেডার্সের মালিক তসলিম উদ্দিন জানান, গত প্রায় দেড় মাসে তাঁর প্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতি মাসে ১৮-২০ ট্রাক পণ্য ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লায় পাঠানো হতো। এখন সেখানে গত দেড় মাসে মাত্র দুই ট্রাক পণ্য সরবরাহ করা হয়েছে। আর্থিক ক্ষতি ও ব্যবসার একই ধরনের চিত্র তুলে ধরেন পিয়ারাপুর বাজারের সয়াবিন ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ।
একদিকে স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আতঙ্ক, অন্যদিকে অল্প পুঁজির ব্যবসায় বিপুল লোকসান লক্ষ্মীপুরের স্থানীয় ব্যবসায়ীদের ফেলেছে বিপদে। এখানকার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের পক্ষ থেকে পণ্যবাহী গাড়ির চলাচলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও পুরোপুরি আশ্বস্ত হয়ে রাস্তায় গাড়ি নামাচ্ছেন না পরিবহন মালিক ও চালকেরা।
গত দুই দিন লক্ষ্মীপুরে সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় এখানকার সড়কে কিছু যান চলাচল ও মানুষের উপস্থিতি থাকলেও দিনের আলো কমার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। সন্ধ্যার পর তা সীমিত হয়ে আসে। এ সময় জোরদার হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। সড়কের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। টহলও চলতে থাকে। তা সত্ত্বেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রাণচাঞ্চল্য নেই। অজানা শঙ্কা, ভীতি আর আতঙ্ক জনমনে।