স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে বিকল্প বাজার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প মূল ধনি কোম্পানি নিয়ে বিকল্প বাজার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আবদুল মজিদ। পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে আজ সোমবার সিএসইর ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুল মজিদ বলেন, ক্ষুদ্র মূলধন, গ্রোথ ও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর জন্য বিকল্প বাজার তৈরি করবে সিএসই। এ বাজার থেকে মূলধন বৃদ্ধি করে পুঁজিবাজারের মূল বাজারে যাবে এসব কোম্পানি। এতে পুঁজিবাজারের গভীরতা আরও বাড়বে।

আবদুল মজিদ বলেন, সিএসই এখন ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক একটি প্রতিষ্ঠান। তাই অলাভজনক প্রতিষ্ঠান থেকে এখন লাভজনক প্রতিষ্ঠান সিএসই। এ জন্য শেয়ারধারীদের মুনাফা দেওয়ার বিষয় রয়েছে। তাই সিএসইকে বিভিন্নভাবে আয় বাড়ানোর কাজ করতে হবে। বিদ্যমান বাজারকে আরও উন্নত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মার্কেট মেকার রেগুলেশনের পরিবর্তন, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম, সিএসইর ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটের আধুনিকায়ন প্রভৃতি।
বাজারের গভীরতা বাড়ানোর জন্য ডেরিভেটিভস ও ক্লিয়ারিং করপোরেশন গঠনের জন্য কাজ চলছে বলে জানান সিএসইর চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, মঈনুল ইসলাম মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হাসেন।