বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল থেকে কম সুদে ঋণ পাবে প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে ঋণ সহায়তা দিতে এ পুনঃ অর্থায়ন তহবিলটি গঠন করা হয়। এ তহবিলের নীতিমালার আওতায় এত দিন নয়টি খাতে ৪৭টি পণ্যে অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছিল। এর মধ্যে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এলএফএমইএ) সদস্যভুক্ত শিল্পপ্রতিষ্ঠান ছিল না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিপিজিএমইএ ও এলএফএমইএ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে যাদের নিজস্ব কারখানা রয়েছে, তাদের কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জামাদি স্থাপন, সংস্কার, পুনর্গঠন, প্রতিস্থাপনের কাজে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে।