স্বল্পমেয়াদি অর্থায়নে যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো
দেশের অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিলের ঘাটতি ক্রমেই বাড়ছে। এর ফলে ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন করাও এই প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার ধরন ও পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার কথা ভাবছে। এ জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো তহবিলের ঘাটতি মেটাতে গতানুগতিক দীর্ঘমেয়াদি অর্থায়নের থেকে সরে এসে স্বল্পমেয়াদি অর্থায়নের দিকে ঝুঁকতে শুরু করেছে। পাশাপাশি পুঁজিবাজারে রূপান্তরযোগ্য বন্ড ও অগ্রাধিকার শেয়ার ছেড়েও তহবিল জোগানোর পরিকল্পনা নিচ্ছে।বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান এবং প্রাইম ফিন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে মতবিনিয়মকালে এসব কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তহবিল সংগ্রহ করতে হয় প্রধানত বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে। কিন্তু ব্যাংকগুলো নিজেরাই কিছুটা তারল্যসংকটে ভুগছে। আবার তারা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণদানের ক্ষেত্রে উচ্চহারে সুদ নিচ্ছে। এতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিল-ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।আসাদ খান আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শুধু মধ্য ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে আমানত সংগ্রহ করার অনুমতি আছে। তিনি ব্যাখ্যা করে বলেন, স্বল্পমেয়াদি ভিত্তিতে অর্থায়ন করা হলে প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থ আগের চেয়ে দ্রুত ফেরত আসবে, যা আবার বিনিয়োগ করা বা ঋণ দেওয়া যাবে।