স্বল্পমেয়াদি ঋণ উপকরণ নিয়ে নীতিমালা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমার্শিয়াল পেপার (সিপি) ইস্যু করে করপোরেট গ্রুপগুলো স্বল্পমেয়াদি ঋণ নিয়ে আসছিল। এর মাধ্যমে কোনো প্রকল্পের মূলধনও জোগাড় করেছে কয়েকটি গ্রুপ। নীতিমালা না থাকায় ব্যাংকগুলোও এতে নিজের মতো করে অর্থায়ন করছিল। এবার নীতিমালা করে ব্যাংকগুলোকে একটি সিপিতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগের সীমা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার ব্যাংকগুলোর জন্য সিপি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকগুলো সিপিতে বিনিয়োগ করতে পারবে, সিপি ইস্যুকারীদের ঋণ দিতে পারবে এবং ইস্যু ও পেয়িং এজেন্ট হিসেবেও কাজ করতে পারবে। তবে ব্যাংক কোনোভাবে সিপি ইস্যু ও গ্যারান্টি দিতে পারবে না। ব্যাংকগুলোকে কোনো সিপির সঙ্গে কাজ করতে হলে ব্যাংকের পর্ষদ হতে লিখিত নীতিমালা থাকতে হবে। যারা সিপি ছাড়বে তাদের সম্পদ ৩০ কোটি টাকার বেশি হতে হবে ও শেষ তিন বছরে নিট মুনাফা করতে হবে। তাদের সিআইবি (ঋণ তথ্য ব্যুরো) প্রতিবেদন হালনাগাদ থাকতে হবে ও শেষ দুই বছরে খেলাপি থাকা চলবে না।
ব্যাংকগুলো কোনো সিপিতে বিনিয়োগ করার আগে ইস্যুকারীর ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করতে হবে। সিপি ইস্যুকারীর ঋণ ও সম্পদের হার হতে হবে ৭০: ৩০। একটি সিপিতে ব্যাংক সর্বোচ্চ ২০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। সিপিতে ব্যাংকের বিনিয়োগ টায়ার-১ মূলধনের ১০ শতাংশের বেশি হবে না। এ ছাড়া সিপিতে বিনিয়োগ করা অর্থ খেলাপি হয়ে গেলে সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। ৩ থেকে ৬ মাস খেলাপি বিলম্ব হলে ২০ শতাংশ, ৬ থেকে ৯ মাস হলে ৫০ শতাংশ ও ৯ মাসের বেশি বিলম্ব হলে শতভাগ সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। এ ছাড়া কোনো সিপিতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ঋণ সীমার অন্য নীতিমালা মেনে চলতে হবে।