স্বল্পোন্নত দেশগুলো একমত, তবে...
একদিকে ভারতের নেতৃত্বে অগ্রসর উন্নয়শীল দেশগুলো, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। প্রথম দল কৃষি ভর্তুকির বিষয়ে এখনই স্থায়ী সমাধান চায়। অপর দল চায়, আপাতত চার বছরের একটা সাময়িক ব্যবস্থা। একই সঙ্গে বাণিজ্য সহজীকরণ নিয়ে সমঝোতা।
এ রকম একটা পরিস্থিতিতে বেশ বেকায়দায় আছে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি)। কেননা, এলডিসিকে সুবিধা দিতে সবাই সম্মত হলেও কৃষি ভর্তুকি ও বাণিজ্য সহজীকরণে মতৈক্য না হলে এলডিসির জন্যও কিছু মিলবে না। তিনটি মিলেই বালি প্যাকেজ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দ্বীপ প্রদেশ বালির নাসু দুয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিএনডিসিসি) গত মঙ্গলবার থেকে ডব্লিউটিওর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনে যে তিনটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে বালি প্যাকেজ চূড়ান্ত করার চেষ্টা হচ্ছে সেগুলো হলো: বাণিজ্য সহজীকরণ, খাদ্য নিরাপত্তার সঙ্গে সাযুজ্যপূর্ণ কৃষি ভর্তুকি ও এলডিসিগুলোর সুবিধা।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল বুধবার বিকেলে বাংলাদেশি সাংবাদিকদের বলেন, ‘এলডিসিগুলো অভিন্ন অবস্থানে আছে। আবার উন্নত ও উন্নয়নশীল দেশগুলোও চায় এলডিসির জন্য সুবিধা দেওয়া হোক। তাদের কোনোই আপত্তি নেই। এখন তাদের নিজেদের মধ্যে বিরোধের সমঝোতা হলে আমরা আমাদেরটা পেয়ে যাব।’
এলডিসিগুলোর মূল দাবি হলো শতভাগ কোটামুক্ত ও শুল্কমুক্ত বাজার-সুবিধা। বাস্তবে এখন শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই এটা পাওয়া বাকি। এর সঙ্গে আছে কাঁচামালের উৎস বিধি (রুলস অব অরিজিন), সেবা বাণিজ্যে ছাড় ও তুলা ভর্তুকি।
শতভাগ বাজার-সুবিধার বিষয়ে এলডিসির মধ্যকার বিরোধ কয়েক দিন আগেও ছিল। তবে সম্মেলন শুরুর প্রাক্কালে এক বৈঠকে তা আপাতত কাটিয়ে ওঠা সম্ভব হয় বলে জানিয়েছিলেন বাংলাদেশ প্রতিনিধিরা।
তবে গতকাল শেষ বেলায় মতভেদের কিছুটা আভাস পাওয়া গেল। আফ্রিকার দেশ কেনিয়া এখনো এই শতভাগ বাজার-সুবিধার বিষয়ে অন্যদের সঙ্গে একমত হতে চাইছে না। তাদের সেই পুরোনো যুক্তি, বাংলাদেশ যদি এই সুবিধা পায় তাহলে তারা প্রতিযোগিতায় এতটাই পিছিয়ে পড়বে যে বিদ্যমান বাজার-সুবিধা আর অর্থবহ হবে না। বাস্তবতা হলো, বাংলাদেশ যেসব পণ্যে এগিয়ে আছে সেসব পণ্যে কার্যত আফ্রিকার দেশগুলোর প্রতিযোগিতা করার কোনো সুযোগ নেই।
আফ্রিকার আরেক দেশ লেসোথোও বিভিন্ন সময়ে এই বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুব আহমেদ অবশ্য গতকাল আলাদাভাবে লেসোথোর সঙ্গে বৈঠক করেছেন।
আজ সকালে প্লিনারি অধিবেশনে বাংলাদেশের পক্ষে মাহবুব আহমেদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের যোগ না দেওয়ায় তিনিই বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ এলডিসির স্বার্থ সংরক্ষণের ওপর জোর দেবে।
শতভাগ বাজার-সুবিধার বিষয়ে এবারের সম্মেলনে একটি সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে আগামী সম্মেলন (২০১৫) পর্যন্ত উন্নত দেশগুলো এলডিসিগুলোকে দেওয়া বাজার-সুবিধা সম্প্রসারণ করবে। অর্থাৎ যারা এখনো শতভাগ সুবিধা দেয়নি, তাদের দিতে হবে।
এই সম্মেলনে শেষ পর্যন্ত এলডিসিগুলো কিছু পাবে কি না জানতে চাইলে মাহবুব আহমেদ বলেন, ‘বিভিন্ন দেশের মধ্যে মতভেদ থাকায় ডব্লিউটিওর মহাপরিচালক শেষ দিন পর্যন্ত আলোচনা চালিয়ে যাবেন।’
কাজটি কঠিন উল্লেখ করে মাহবুব আহমেদ বলেন, ‘যেহেতু প্যাকেজ আকারেই অপর দুই বিষয়ের সঙ্গে এলডিসির বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা, তাই অপেক্ষা করতেই হচ্ছে।’