
স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) গত এক দশকে বেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু দেশগুলোতে কর্মসংস্থান সে হারে বাড়ছে না।
২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে স্বল্পোন্নত দেশগুলোতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৯ শতাংশ হারে। একই সময়ে দেশগুলোর গড় প্রবৃদ্ধির হার ৭ শতাংশ। সে কারণে স্বল্পোন্নত দেশগুলোর এই প্রবৃদ্ধি কার্যতই ‘কর্মহীন প্রবৃদ্ধি’। এমনটাই মনে করে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।
সংস্থাটি বলছে, স্বল্পোন্নত দেশগুলোর বড় সম্পদ তাদের জনশক্তি, বিশেষ করে যুবসমাজ। কিন্তু এসব দেশে প্রতিবছর যত মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছে, সে অনুযায়ী তাদের কর্মসংস্থান হচ্ছে না। ফলে বর্ধিত কর্মক্ষম মানুষগুলোকে কাজও দেওয়া যাচ্ছে না। স্বল্পোন্নত দেশগুলোর জন্য এটা বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনমুখী কর্মসংস্থানের সঙ্গে মানুষকে যুক্ত করতে হবে। স্বল্পোন্নত দেশগুলোতে উৎপাদনশীলতার সামর্থ্য বাড়াতে হবে। এ জন্য বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগকে উৎসাহিত করে কর্মসংস্থানমুখী নীতিমালা তৈরি করতে হবে। এসব করতে না পারলে স্বল্পোন্নত দেশগুলোর প্রবৃদ্ধি যেমন টেকসই হবে না, তেমনি দারিদ্র্য বিমোচন ও সামাজিক অস্থিরতার মতো বিষয়গুলোও মোকাবিলা করতে পারবে না।
আঙ্কটাডের এলডিসিবিষয়ক প্রতিবেদন-২০১৩-তে এসব বলা হয়েছে। বিশ্বব্যাপী গতকাল বুধবার একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আঙ্কটাডের পক্ষে ঢাকায় নিজস্ব কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এবার প্রতিবেদনটির প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য কর্মসংস্থানকেন্দ্রিক প্রবৃদ্ধি’।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের ৪৯টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
আঙ্কটাড স্বল্পোন্নত দেশগুলোতে কীভাবে বর্ধিত জনসংখ্যার কর্মসংস্থান করা যাবে এর একটি কাঠামো এবং এ ক্ষেত্রে কিছু সুপারিশও করেছে।
মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনীতির ভঙ্গুরতা—এই তিনটি সূচকের ওপর ভিত্তি করেই স্বল্পোন্নত দেশকে মূল্যায়ন করা হয়। উন্নয়নশীল দেশে পৌঁছাতে হলে স্বল্পোন্নত দেশগুলোকে মাথাপিছু আয় এক হাজার ১৯০ ডলার, মানবসম্পদ সূচক ৬৬ এবং অর্থনীতির ভঙ্গুরতা সূচক ৩৮ হতে হবে।
আঙ্কটাড বলছে, ২০১২ সালের হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় ৮৪০ ডলার, মানবসম্পদ সূচক ৫৪ দশমিক ৭ এবং ভঙ্গুরতা সূচক ৩২ দশমিক ৪। অর্থাৎ উন্নয়নশীল দেশ হওয়ার দৌড়ে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে আছে। তবে অনেক স্বল্পোন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে, দেশের মানুষের মাথাপিছু আয় এখন এক হাজার ৪৪ ডলার।
বাংলাদেশ কবে এলডিসি থেকে বেরিয়ে আসবে জানতে চাইলে ফাহমিদা খাতুন বলেন, ‘২০২৭ সাল নাগাদ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হতে পারবে।’ তবে সিপিডির অতিরিক্ত পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০২১ সালের আগে কোনোভাবেই এটি সম্ভব না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিডির পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ।