স্বল্পোন্নত দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান পুনরুদ্ধারের তাগিদ

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলনে কৃষি বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) দীর্ঘদিনের দাবি শিল্পপণ্যে শতভাগ কোটামুক্ত ও শুল্কমুক্ত বাজার-সুবিধা যেটুকু আটকে আছে, তারও নিষ্পত্তি হবে না।
এই অবস্থায় এলডিসিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান খুব জরুরি হয়ে পড়েছে। ২০০৫ সালের হংকংয়ে মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলনের পর থেকে নানা কারণে এলডিসিগুলোর মধ্যে একতা ভেঙে যাওয়ায় বালি সম্মেলনে তা ফিরিয়ে আনা বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
ঢাকায় গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত আসন্ন ডব্লিউটিওর সম্মেলনে এলডিসিগুলোর প্রাপ্তিবিষয়ক দিনব্যাপী এক সম্মেলনের আলোচনায় এ মতামতগুলো উঠে আসে। ইন্দোনেশিয়ার বালিতে আগামী ৩-৬ ডিসেম্বর ডব্লিউটিওর সর্বোচ্চ পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ডব্লিউটিওর দোহা আলোচনার অন্যতম বিরোধের জায়গা কৃষি নিয়ে আলোচনায় বক্তারা অবশ্য বলেন যে কৃষি আলোচনার প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক আসাদুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষির ওপর। কাজেই কৃষির বাণিজ্য আলোচনা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত করে দেখতে হবে। তিনি আরও বলেন, ছয় বছর আগে জলবায়ু সম্মেলনে বাংলাদেশ খাদ্য নিরাপত্তার বিষয়টি উত্থাপন করলে উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ এমনকি প্রতিবেশী ভারত এর বিরোধিতা করেছিল। অথচ এখন খাদ্যনিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন, যা ডব্লিউটিওতে উঠে এসেছে।
শিল্পপণ্যে কোটামুক্ত ও শুল্কমুক্ত বাজার-সুবিধাবিষয়ক কর্ম-অধিবেশনে বক্তারা বলেন, এই দাবিতে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ এককভাবে সবচেয়ে বেশি লড়াই করেছে এবং বাংলাদেশের জন্যই এই বিষয়টি এখনো আলোচনায় থাকছে।
ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের কিম্বারলি অ্যান বলেন, কোটামুক্ত ও শুল্কমুক্ত বাজার-সুবিধার বিষয়টি নিয়ে এখনো আলোচনা করা হতাশাজনক। মূলত যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ গুটিকয়েক এলডিসিকে শতভাগ বাজার-সুবিধা না দেওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক মোস্তফা আবিদ খান বলেন, হংকং ঘোষণা অনুসারে উন্নত দেশগুলো প্রকৃতপক্ষে শতভাগ বাজার-সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে সমস্যা থাকলে নির্দিষ্ট সময় পর্যন্ত ৯৭ শতাংশ পণ্যে এই সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। দোহা আলোচনা শেষ হয়নি—এই যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র শতভাগ সুবিধা দিচ্ছে না।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, বাজার-সুবিধা নিয়ে আর দর-কষাকষির কোনো সুযোগ নেই। কেননা, এটি প্রতিশ্রুতি। এখন এটি প্রয়োগ করা দরকার। আর বাস্তবে যুক্তরাষ্ট্র প্রায় সব উন্নত দেশ শতভাগ বাজার-সুবিধা দিয়ে দিয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বালি সম্মেলনে এলডিসিগুলোর প্রধান চ্যালেঞ্জ হলো শতভাগ বাজার-সুবিধা পূরণ করতে যে ৩ শতাংশ পণ্য বাইরে আছে, সেগুলোও বাজার-সুবিধার আওতায় নিয়ে আসা।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হক। এতে সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। কার্য অধিবেশনগুলোর সার সংক্ষেপ তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। আর সেবা খাত বিষয় কর্ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।