স্বল্পোন্নত দেশগুলোর জন্য খাদ্যনিরাপত্তা তহবিল গঠনের প্রস্তাব শিল্পমন্ত্রীর
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) খাদ্যনিরাপত্তা জোরদার করতে একটি খাদ্যনিরাপত্তা তহবিল (এলডিসি ফুড সিকিউরিটি ফান্ড) গঠনের প্রস্তাব করেছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।ভিয়েনার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পবিষয়ক স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার মন্ত্রী এ প্রস্তাব করেন। তিনি এলডিসি গ্রুপের বিদায়ী সভাপতি।শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।শিল্পমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর বেশির ভাগই খাদ্য আমদানিনির্ভর হওয়ায় তাদের রপ্তানি আয় দ্রুত কমে যাচ্ছে। ফলে এসব দেশ খাদ্যের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানিস্বল্পতার মতো মারাত্মক ঝুঁকিতে রয়েছে।সম্মেলনে নেপালের কাছে এলডিসি গ্রুপের চেয়ারপারসনের দায়িত্ব হস্তান্তর করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার মহাপরিচালক কানদে কে ইয়ামকেলাসহ এলডিসিভুক্ত বিভিন্ন দেশের মন্ত্রীরা সম্মেলনে বক্তব্য দেন।সম্মেলনে এলডিসিভুক্ত ৪৯টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নিচ্ছেন।