স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থের বিষয়ে অগ্রগতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডি-এফইএস সংলাপে মূল বক্তা ও আলোচেকরা ষ প্রথম আলো
সিপিডি-এফইএস সংলাপে মূল বক্তা ও আলোচেকরা ষ প্রথম আলো

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বালি সম্মেলনের এক বছর হতে চললেও বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) স্বার্থের যে প্রত্যাশা, তার কোনো কিছুই পূরণ হয়নি। এই সম্মেলনের ঘোষণা অনুসারে উন্নত দেশগুলোর বাজারে এলডিসিগুলোর জন্য শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধার বিষয়ে অগ্রগতি হওয়ার কথা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ফ্রেডরিশ এবার্ট স্টিফটাং (এফইএস) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে গতকাল এসব কথা বলা হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সংলাপ সঞ্চালনা করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এ সময় উপস্থিত ছিলেন।
ডব্লিউটিওর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন গত বছরের ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, উন্নত দেশগুলোর যারা এখনো ৯৭ শতাংশের বেশি বাজারসুবিধা এলডিসিগুলোকে দেয়নি, তাদেরকে এই সুবিধার আওতা বাড়াতে হবে এবং এ বিষয়ে অগ্রগতি ডব্লিউটিওকে জানাতে হবে।
বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সব উন্নত দেশ বাংলাদেশসহ এলডিসিগুলোকে প্রায় শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়ে দিয়েছে। ফলে এ সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য। আর যুক্তরাষ্ট্রের বাজারে এলডিসিগুলোর মধ্যে এখন বাংলাদেশ, নেপাল ও কম্বোডিয়াই শুধু শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না। কিন্তু যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নড়চড় করেনি।
মূল প্রবন্ধে আরও বলা হয়, বাজারসুবিধা ছাড়াও সেবা খাতের বাণিজ্যে শ্রমের অবাধ চলাচলের বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত কবে এবং কীভাবে হবে, তা অনিশ্চিত। অন্যদিকে ভারত খাদ্যনিরাপত্তার স্বার্থে কৃষি ভর্তুকি পদ্ধতিতে যে পরিবর্তন চাচ্ছে, সে বিষয়ে শেষ পর্যন্ত কী অগ্রগতি হয়, তার ওপর বালি ঘোষণার বাস্তবায়ন নির্ভর করছে।
উল্লেখ্য, বালি ঘোষণা অনুসারে ভারতসহ উন্নয়নশীল দেশগুলো আগামী অন্তত চার বছরের জন্য কৃষিতে ডব্লিউটিওর বেঁধে দেওয়া সীমার বেশি (মোট কৃষি উৎপাদন মূল্যের ১০ শতাংশ) ভর্তুকি প্রদান করতে পারবে। এ জন্য ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে কারও বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনা যাবে না। কিন্তু ভারত চাচ্ছে, এ বিষয়ে এখনই একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে অন্তর্বর্তীকালীন (চার বছর) সময় পেরিয়ে গেলে নতুন করে সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এ বিষয়ে একটি আপসরফা হয়েছে। তবে প্রকৃত পরিস্থিতি এখনো পরিষ্কার নয়।
সিপিডির সংলাপে আরও বলা হয়, ২০০১ সালে দোহা আলোচনা পর্বের সূত্রপাত করা হলেও এর সমাপ্তি টানা যায়নি। অথচ এই ১৩ বছরে পৃথিবীতে শিল্প-বাণিজ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। একটি পণ্য পুরোপুরি একটি দেশে উৎপাদিত না হয়ে কয়েকটি দেশে হচ্ছে। সেবা খাতের অনেক বিস্তার ঘটেছে, সেবা-বাণিজ্যের পরিধি বেড়েছে। তার মানে দোহা পর্ব অসম্পূর্ণ থাকলেও বিশ্ব বাণিজ্য প্রসারিত হচ্ছে।
সংলাপের নির্ধারিত আলোচক চীনের নানকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লং ইউই ঝাও বলেন, দোহা আলোচনার ‘সিঙ্গেল আন্ডারটেকিং’ ব্যবস্থাই সবচেয়ে বড় দুর্বলতা। কেননা, এই ব্যবস্থার আওতায় সব বিষয় নিয়ে একত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং একটি বিষয়ে মতৈক্য না হওয়া পর্যন্ত বাকিগুলোতে ঐকমত্য হলেও সার্বিক মতৈক্য বিবেচিত হবে না (নাথিং অ্যাগ্রিড আনটিল এভরিথিং অ্যাগ্রিড)। আর তাই নানা বিষয়ে মতভেদ থাকায় এখনো এই আলোচনা শেষ করা যায়নি।
উল্লেখ্য, ২০০১ সালে কাতারের দোহায় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সিদ্ধান্ত হয় যে কৃষি, শিল্প, সেবা খাতসহ অনেকগুলো বিষয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ডব্লিউটিও কিছু নিয়মকানুন চূড়ান্ত করবে, যা সব সদস্যদেশ পরবর্তী সময়ে অনুসরণ করবে। এটি দোহা আলোচনা পর্ব (দোহা রাউন্ড) হিসেবে পরিচিত।
আরেক নির্ধারিত আলোচক ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশসনের প্রফেসর আনোয়ারুল হুদা বলেন, বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার নিয়মনীতি নতুনভাবে রচনা করতে হবে এবং সবার জন্য একই ধরনের নিয়মনীতি প্রয়োগ করতে হবে। তিনি বলেন, ডব্লিউটিওকে পাশ কাটিয়ে আঞ্চলিক বাণিজ্য চুক্তি (আরটিএ) যে বাড়ছে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা কমিয়ে আনা সম্ভব যদি বহুপক্ষীয় বাণিজ্যকে অর্থবহ করে তোলা যায়। অর্থাৎ দোহা পর্ব দ্রুত সমাপ্ত করা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক করডেল হাল ইনস্টিটিউটের রিচার্ড কানিংহাম আলোচনায় অংশ নিয়ে বলেন, দোহা পর্বের সূত্রপাত ও গঠনটাই ছিল ত্রুটিপূর্ণ। কেননা, অনেক বেশি বিষয় এতে যুক্ত করা হয়েছে। আর তাই সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ কমিয়ে সমঝোতা করা কঠিন হয়ে গেছে।
ভারতের জয়পুরভিত্তিক কাটস ইন্টারন্যাশনালের উপনির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জি বলেন, দোহা পর্ব যখন শুরু হয়, তখন সবকিছু পুরোপুরি উৎপাদকের স্বার্থের দিক থেকেই দেখা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে বহুপক্ষীয় বাণিজ্যে ভোক্তাস্বার্থের দিকটিও বিবেচনায় নেওয়ার।