স্বস্তি-অস্বস্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা ২০ লাখেরও বেশি। ফুটপাতের হকার থেকে শুরু করে ব্যস্ততম বিপণিবিতানের ব্যবসায়ীরাও এর মধ্যে পড়েন। এই ব্যবসায়ীদের বড় দাবিটাই হলো মূল্য সংযোজন কর (মূসক) কমানো।
অথচ গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৫-১৬ অর্থবছরের যে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন, তাতে তাঁদের দাবির কোনো প্রতিফলন হয়নি। উল্টো অর্থমন্ত্রী তাঁদের প্যাকেজ ভ্যাটের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছেন।
এত দিন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা এলাকাভিত্তিক প্যাকেজ ভ্যাট দিতেন। তাঁরা বিক্রয়ের ওপর ৩ শতাংশ হারে টার্নওভার কর দিতে আগ্রহী নন বলেই চালু করা হয় এই প্যাকেজ ভ্যাট। ক্ষুদ্র ব্যবসায়ীদের এলাকাভেদে মূসক ভ্যাট দিতে হতো তিন হাজার টাকা, ছয় হাজার টাকা, আট হাজার টাকা ও ১১ হাজার টাকা।
অর্থমন্ত্রী গতকাল এই ভ্যাটের পরিমাণ বাড়িয়ে প্রস্তাব করেছেন যথাক্রমে ৩ হাজার ৬০০ টাকা, ৭ হাজার ২০০ টাকা, ১০ হাজার টাকা ও ১৪ হাজার টাকা।
এ ছাড়া পাইকারি ও খুচরা ব্যবসার অন্য সব পর্যায়ে নিট ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর আদায়ের এখনকার ব্যবস্থা বহাল থাকবে।
তবে যেসব ব্যবসায়ী প্রকৃত মূল্য সংযোজনের ভিত্তিতে কর দিতে চান, তাঁরা সে হারে মূসক দিতে পারবেন।
অর্থমন্ত্রী অবশ্য টার্নওভার করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের খানিকটা স্বস্তি দিয়েছেন। বর্তমানে ২৪ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন (টার্নওভার) হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো কর দিতে হয় না। অর্থমন্ত্রী এই সীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করার প্রস্তাব করেছেন।