
২০১৮ সালের পর পোশাক খাতের সংস্কারকাজ এগিয়ে নিতে স্বাধীন, চাপমুক্ত ও বিশ্বাসযোগ্য সংস্থাকে দায়িত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর ও ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
জেমস মরিয়ার্টি বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী, প্রাথমিক পরিদর্শনে পোশাক কারখানাগুলোর যেসব ত্রুটি পাওয়া গিয়েছিল, সেগুলোর সংশোধনের কাজ শেষ হয়ে যাবে। তবে ফলোআপ পরিদর্শন কাজ চালিয়ে যেতে হবে। সে জন্য যে সংস্থার ওপর দায়িত্ব দেওয়া হবে, সেটিকে অবশ্যই স্বাধীন, চাপমুক্ত, বিশ্বাসযোগ্য, প্রকৌশল কাজে দক্ষ ও হেল্পলাইন পরিচালনায় সক্ষমতা থাকতে হবে।’
উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেমস মরিয়ার্টি। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলনটি হয়। এতে উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) পল রিগবি, প্রকৌশল বিভাগের পরিচালক কাজী ওয়াহিদুল হক, পরিচালন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কামরুন্নেসা বাবলি।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স গঠিত হয়। জোট দুটি পাঁচ বছর অর্থাৎ ২০১৮ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশে কাজ করার জন্য চুক্তিবদ্ধ।
সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে অ্যালায়েন্সের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে জেমস এফ মরিয়ার্টি বলেন, ‘আমরা যেসব মহৎ কাজ করেছি, ২০১৯ সালের পর সেসবের ধ্বংস কেউ দেখতে চান না। তাই পোশাক কারখানার নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা বাংলাদেশ ছেড়ে যাব না।’
জেমস মরিয়ার্টি জানান, অ্যালায়েন্সের সদস্য ৬০ কারখানা সব ধরনের সংস্কারকাজ সম্পন্ন করেছে। এ ছাড়া অন্য কারখানাগুলো ৬৮ শতাংশ ত্রুটি সংশোধন শেষ করেছে। এর মধ্যে ৬২ শতাংশ ত্রুটি সংশোধন ছিল সর্বোচ্চ অগ্রাধিকার ও বেশি অগ্রাধিকার পাওয়া। তিনি বলেন, ‘ত্রুটি সংশোধন কাজে আমরা কোনো ছাড় না দেওয়ার নীতি নিয়েছি। সে জন্য এখন পর্যন্ত ত্রুটি সংশোধনে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় ১২৯ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে অ্যালায়েন্স।’
পোশাকশিল্প মালিকেরা সংস্কারকাজে প্রচুর বিনিয়োগ করলেও যুক্তরাষ্ট্রের ক্রেতারা বেশি দাম দিচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে জেমস মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্রের গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে সামগ্রিকভাবে ৫ শতাংশ কম পোশাক আমদানি করেছে। এ সময় চীনের রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ৮ শতাংশ। বাংলাদেশের প্রবৃদ্ধি কমেছে ১ শতাংশ। কেবল ভিয়েতনামের রপ্তানি কিছুটা বেড়েছে, তবে সেটির পেছনে বড় ভূমিকা টিপিপির। অন্য দেশের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধি হ্রাসের পরিমাণ তুলনামূলক কম হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মরিয়ার্টি বলেন, রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ বাজে অবস্থায় পড়েছিল, সেটি থেকে এখন বেরিয়ে আসছে।