
নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে যাওয়ায় এ সময়ের মধ্যে একটি স্বাধীন সংস্থা নিয়ে আইনটির প্রভাব সমীক্ষা করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ৯টি ব্যবসায়ী সংগঠন বলেছে, স্বাধীন সংস্থা দিয়ে প্রভাব সমীক্ষা করে ভ্যাট আইন ও বিধি সংশোধন করে বাস্তবায়ন করাই সমীচীন হবে। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য জোর আবেদন জানিয়েছে তারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল শনিবার এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. সফিউল ইসলাম। তিনি ভ্যাট আইনের বাস্তবায়ন পিছিয়ে দেওয়া ও ব্যাংক হিসাবের প্রস্তাবিত আবগারি শুল্ক কমিয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
সফিউল ইসলাম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা আরও বৃদ্ধি এবং ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থকে বিবেচনায় নিয়ে সরকার নতুন ভ্যাট আইন স্থগিত করে পুরোনো আইন অব্যাহত রাখার বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছে। এতে এনবিআর ও ব্যবসায়ীরা নতুন ভ্যাট আইন বিষয়ে আরও সক্ষমতা অর্জনের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, নতুন ভ্যাট আইনে একক ভ্যাট হারজনিত মূল্যস্ফীতি ও ব্যবসায়িক খরচ বৃদ্ধির উদ্বেগ বিবেচনায় নেওয়ায় সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক আস্থা আরও জোরালো হবে।
রাজস্ব আহরণের ক্ষেত্রে হয়রানি দূর করতে এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়টি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ভ্যাট আইনের প্রয়োগের নামে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্যবসায়ীদের হয়রানি করা হয়ে থাকে। আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে এনবিআর ও এফবিসিসিআইয়ের কমিটি কেস টু কেস ভিত্তিতে সমস্যার সমাধান করবে।
সংবাদ সম্মেলনে চাল আমদানিতে শুল্ক তুলে নেওয়া ও পরিবেশবান্ধব সব ধরনের পোশাক কারখানার প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। তবে রপ্তানি খাতের উৎসে আয়করের হার ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার দাবি করেন সফিউল ইসলাম। একই দাবি করেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
এ ছাড়া সংবাদ সম্মেলনে প্লাস্টিক ও রাবারের চপ্পল ও পাদুকা এবং হাতে তৈরি রুটি-বিস্কুটকে ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়ার আহ্বান জানানো হয়। ই-কমার্স, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্য খাত ও পুরোনো গাড়ির অবচয় সুবিধার বিষয়ে পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
লিখিত বক্তব্য শেষে ভ্যাট আইন পেছানোয় কে জয়ী হয়েছে, এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সফিউল ইসলাম বলেন, জয়-পরাজয়ের কিছু নেই। এ দেশের উন্নয়নে এনবিআর ও ব্যবসায়ীরা একে অন্যের পরিপূরক। এ ক্ষেত্রে উভয়ের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি হওয়া উচিত নয়। এফবিসিসিআইয়ের সভাপতি আশা প্রকাশ করেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আর দেখাবেন না।
নতুন আইনটির বাস্তবায়ন পিছিয়ে যাওয়ায় রাজস্ব আদায়ের ঘাটতি হবে কি না—এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, নতুন আইন স্থগিত হলেও এতে রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়বে না। কর আহরণের সঙ্গে সংশ্লিষ্টদের দুর্নীতি কমাতে পারলে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণে ঘাটতি হবে না।
উৎসে কর প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, মোট রপ্তানিমূল্যের ওপর ১ শতাংশ উৎসে কর কাটা হলে মুনাফার ওপর আয়করের হার দাঁড়ায় ৩০ শতাংশের বেশি। লাভের ওপর উৎসে কর নেওয়া হলে এর হার আরও বাড়িয়ে দিলেও ব্যবসায়ীদের সমস্যা হবে না। কিন্তু লাভ হোক আর লোকসান হোক, মোট রপ্তানিমূল্যের ওপর বাধ্যতামূলক কর আরোপ অসহনীয়।
অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, এফবিসিসিআইয়ের সহসভাপতি মুনতাকিম আশরাফ ও সংগঠনটির বেশ কয়েকজন পরিচালক এবং ডিসিসিআই, বিসিআই, সিসিসিআই, এমসিসিআই, বিটিএমএ, বিপিজিএমইএ ও রিহ্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।