স্বাধীনতার মাসে জাতীয় পতাকা তৈরির ধুম
দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি বা শহীদ দিবসসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হয়ে থাকে। এসব দিনে অনেকেই শখ করে পতাকা মাথায় বাঁধেন। অনেকের গাড়িতেও শোভা পায় পতাকা।স্বাধীনতা দিবস উপলক্ষে এবারেও মার্চ মাসের শুরু থেকেই কেরানীগঞ্জে পতাকা তৈরির ধুম পড়েছে। রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে পতাকার যে চাহিদা রয়েছে, তার সিংহভাগই পূরণ করেন এখানকার কয়েকজন দরজি। তাঁরা বিভিন্ন স্থানের ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয়াদেশ নিয়ে পতাকা সরবরাহ করে থাকেন।সাম্প্রতিক সময়ে পতাকা তৈরি ও বিক্রি লাভজনক মৌসুমি ব্যবসায়ে পরিণত হয়েছে। এ কারণে বিভিন্ন জাতীয় দিবস এলেই অনেক কারিগর অন্য কাজ ফেলে পতাকা তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন। আবার বিক্রির কাজেও জড়িয়ে পড়েন কেউ কেউ।স্বাধীনতা দিবসে গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশেষ করে কেরানীগঞ্জের গোলাম বাজার, কালীগঞ্জ ও খেজুরবাগ এলাকার দরজিরা জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অবশ্য এর আগের ১৫-২০ দিন আরও বেশি ব্যস্ততা ছিল বলে জানান তাঁরা।গোলামবাজার মসজিদ মার্কেট এলাকার ভান্ডারী টেইলার্সের স্বত্বাধিকারী আলাউদ্দিন ভান্ডারী প্রথম আলোকে জানান, এবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিনি এক হাজার ২০০টি পতাকা তৈরি করেছেন। প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে অন্তত এক মাস আগে থেকেই পতাকা তৈরির কাজ শুরু হয়। এ ছাড়া বিভিন্ন দেশ যখন ক্রিকেট খেলতে বাংলাদেশে আসে, তখনও পতাকা সরবরাহের বড় ধরনের কার্যাদেশ পাওয়া যায়। খেলাধুলার জন্য অনেকেই ৫০ থেকে ৫০০টি পর্যন্ত পতাকার কার্যাদেশ দিয়ে থাকেন।আলাউদ্দিন ভান্ডারী আরও জানান, আগে তিনি একাই পতাকা তৈরির কাজ করতেন। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় এখন দু-তিনজন কারিগর রেখে প্রতিদিন ৬০ থেকে ৭০টি ছোট এবং ৪০ থেকে ৫০টি বড় পতাকা তৈরি করেন।একই এলাকার আরেক দোকানি এমরান টেইলার্সের পরিচালক আবদুল কুদ্দুস জানান, এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে ৭০০টি জাতীয় পতাকা তৈরি করেছেন তিনি। এর মধ্যে ছোট আকারের ৩০০টি, মাঝারি আকারের ২০০টি ও বড় আকারের ২০০টি। এসব পতাকা আকার ভেদে ২০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেন। পতাকা তৈরি করে এক মাসে তাঁর আয় হয়েছে ১৫ হাজার টাকা। আলাপ করে জানা যায়, কারিগরেরাও পতাকা বানিয়ে সন্তুষ্ট। ভান্ডারী টেইলার্সের কারিগর হেলাল মিয়া জানান, এক মাস কাজ করে তিনি চার হাজার টাকা মজুরি পেয়েছেন। দু-একদিনের মধ্যে পতাকা তৈরির কাজ শেষ হলে তিনি আবার কালীগঞ্জে শার্টের দোকানে কাজ শুরু করবেন।