
একটি স্বার্থান্বেষী মহল সব ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। সংবাদের বস্তুনিষ্ঠতার পরিবর্তে জল্পনা-কল্পনা তৈরিতে এই গোষ্ঠীর প্রভাব থাকে। দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠান ও বিধিবিধান তৈরিতেও এই গোষ্ঠীর প্রভাবে দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল শনিবার আর্থিক খাতে সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে দিনব্যাপী আয়োজিত এক মতবিনিময়মূলক সেমিনার উদ্বোধনকালে এসব কথা বলেন। বেসরকারি ইস্টার্ন ব্যাংক রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এর আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার, ব্যাংকের পরিচালক মীর নাসির হোসেন এবং ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস -এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন।আতিউর রহমান বলেন, বস্তুনিষ্ঠ পক্ষপাতহীন যথাযথ সংবাদ অনৈতিক কাজকে প্রকাশ করে দেয় ও তা পুনরাবৃত্তি হতে আটকায়। যেখানে পক্ষপাতদুষ্ট সংবাদ যড়যন্ত্র বা উদ্দেশ্যমূলক অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার করতে পারে।বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। তার আগে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে আমরা অনেক এগিয়েছি। নোবেল বিজয়ী অমর্ত্য সেন বাংলাদেশের এই অগ্রগতির সবচেয়ে বড় প্রচারক।’ মতিউর রহমান বলেন, ‘দেশ আরও এগিয়ে যেত যদি রাজনীতি, সংঘাত, হানাহানি, দ্বন্দ্ব-ফ্যাসাদে না থাকত। আবার এটাও মনে করি, এই রাজনৈতিক নেতৃত্বের কারণেই দেশ এগিয়েছে। এগিয়েছে প্রবাসীদের অর্থ প্রেরণে, পোশাক খাতের ও এখানকার শ্রমিকের কারণে।’ তিনি বলেন, সংবাদেও দেশ এগিয়েছে। রানা প্লাজা অত্যন্ত দুঃখের খবর। এই দুর্ঘটনার পর যেভাবে মানুষ এগিয়েছে, সিডর-আইলায় মানুষ যেভাবে সহযোগিতা করেছে তা আশাবাদী করে। সংবাদমাধ্যম প্রচার করেছে বলে দেশে-বিদেশে চাপ তৈরি হয়েছে। ফলে ইতিবাচক ও নেতিবাচক সব খবরই তুলে ধরবে গণমাধ্যম।
দিনব্যাপী সেমিনারে শতাধিক সংবাদ-কর্মী অংশ গ্রহণ করেন। তিনটি অধিবেশনের আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাবুল ইসলাম, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আলোচনা করেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধূরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উপদেষ্টা সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, পাক্ষিক দ্য মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ, একাত্তর টিভির মিথিলা ফারজানা প্রমুখ।