স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও কমল
স্বাস্থ্য খাত সরকারের কাছে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়ছে। আগামী অর্থবছরে মোট বাজেটের ৪ দশমিক ২৬ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দের এই হার সাম্প্রতিক অর্থবছরগুলোর মধ্যে সর্বনিম্ন। অর্থমন্ত্রী গতকাল তাঁর বাজেট বক্তৃতায় ২০১৩-১৪ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৯ হাজার ৪৭০ কোটি বরাদ্দের প্রস্তাব করেছেন। এই বরাদ্দ মোট বাজেটের ৪ দশমিক ২৬ শতাংশ। প্রতিক্রিয়া জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, বরাদ্দের বড় অংশটি যাবে বেতন-ভাতা বাবদ। বরাদ্দ কমলে সরকারি হাসপাতালে সেবার সুযোগ আরও সংকুচিত হবে। চিকিৎসাসেবা দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে এতে।
গত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, টাকার অঙ্কে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ বাড়লেও শতাংশের হিসাবে তা ক্রমান্বয়ে কমছে। ২০০৯-১০ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬.১৮ শতাংশ (৬ হাজার ২৭১ কোটি টাকা)। ২০১০-১১ অর্থ বছরে তা কমে দাঁড়ায় ৫.৬৮ শতাংশে (৭ হাজার ২৮৭ কোটি টাকা)। পরের অর্থবছরে তা আরও কমে যায়। ২০১১-১২ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫.০৩ শতাংশ (৭ হাজার ৬৬৭ কোটি টাকা)। সর্বশেষ ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল নয় হাজার ১৩০ কোটি টাকা, মোট বাজেটের ৪ দশমিক ৮২ শতাংশ। আর আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করা হয়েছে ৪ দশমিক ২৬ শতাংশ।