স্বাস্থ্যে বরাদ্দ ৬ শতাংশ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে আট হাজার ১৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটা আগামী বাজেটের মোট বরাদ্দের ৬ শতাংশ।স্বাস্থ্য খাতের বাজেট প্রস্তাবে নতুন কোনো প্রকল্প বা কর্মসূচির কথা নেই। বিশিষ্ট চিকিত্সক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, দেশের চিকিত্সাসেবার মান আরও একটু উন্নত হবে, এমন কোনো নিশ্চয়তা এই বাজেটে নেই। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণ জরুরি। কিন্তু বাজেটে সে রকম কোনো ইঙ্গিত নেই। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কমিউনিটি ক্লিনিক, প্রজননস্বাস্থ্য-সেবা ও পুষ্টি কার্যক্রমের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, নয় হাজার ৫২৫টি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য মন্ত্রণালয় চালু করেছে। এ রকম ১৩ হাজার ৫০০টি ক্লিনিক চালুর পরিকল্পনা সরকারের আছে। বর্তমানে ৩৫টি উপজেলায় মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচি চালু আছে, এই কর্মসূচি আরও ১৭টি উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, জাতীয় পুষ্টি কার্যক্রম ১২৩টি উপজেলায় সম্প্রসারণ করা হবে।অর্থমন্ত্রী বলেছেন, সব উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা এবং সব জেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। নয়টি উপজেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ছয় হাজার ৩৯১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ করেছে সরকার। শিগগির আরও ১৪ হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে। আবুল মাল আবদুল মুহিত বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্য ১৩ হাজার ৫০০ কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার এবং জাতীয় পুষ্টি কার্যক্রমের জন্য ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে বিশেষ কিছু বলেননি। শুধু বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও প্রজননস্বাস্থ্য-সেবা নিশ্চিত করার জন্য প্রজনন নিয়ন্ত্রণ সামগ্রী কেনার জন্য ২১৩ কোটি টাকার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী বলেছেন, রোগীকল্যাণ তহবিল নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। জাতীয় ওষুধনীতি যুগোপযোগী করার কোনো কার্যক্রম এই সরকার এখনো নিতে পারেনি। তবে ওষুধনীতি যুগোপযোগী করার উদ্যোগ নেবে।স্বাস্থ্য খাতে গত বছরের চেয়ে এবার প্রায় এক হাজার কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। এ ব্যাপারে রশীদ-ই-মাহবুব বলেন, নতুন চিকিত্সক, স্বাস্থ্য সহকারী এবং নার্স নিয়োগ দিচ্ছে সরকার। এঁদের বেতন ও নির্মাণকাজে বাড়তি বরাদ্দের বড় অংশ যাবে। তিনি বলেন, ‘সেবার মান বাড়বে—এমন নিশ্চয়তা এই বাজেটে নেই।’