স্বীকৃত বিল কিনতে হলে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলসি বা ঋণপত্রের অর্থ পরিশোধে নিশ্চয়তাপত্র (অ্যাকসেপটেন্স বিল) জমা রেখে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রধান কার্যালয়কে দায়বদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এক নির্দেশে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমন নিশ্চয়তাপত্র জমা রেখে অর্থ পরিশোধের আগে প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে।নির্দেশে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক লক্ষ করছে, প্রকৃত ব্যবসায়িক লেনদেন না থাকলেও স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় খোলা ঋণপত্রের বিপরীতে অ্যাকোমোডেশন বিল (নিশ্চয়তাপত্র) প্রস্তুতের মাধ্যমে ব্যাংক শাখা থেকে তহবিল সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এসব ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের অগোচরে শাখা পর্যায়ে এমন নিশ্চয়তাপত্র কেনা হচ্ছে। এতে ব্যাংক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে প্রধান কার্যালয়ের পূর্বানুমোদন নেওয়া এবং ক্রয়-বিক্রয়কৃত মালামালের প্রকৃত হাতবদল সরেজমিনে যাচাই ছাড়া স্বীকৃত বিলের মূল্য পরিশোধে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।উল্লেখ্য, গত ২৪ মে প্রথম আলোতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে ফন্দিফিকির করে অখ্যাত হলমার্ক গ্রুপ দুই হাজার কোটি টাকা বের করে নেওয়ার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এলসি খুলে বেনামি তিনটি প্রতিষ্ঠান আনোয়ারা স্পিনিং মিলস, ম্যাক্স স্পিনিং মিলস ও স্টার স্পিনিং মিলসের কাছ থেকে সুতা কেনা দেখিয়ে হলমার্ক এসব বিক্রেতা-প্রতিষ্ঠানকে নিশ্চয়তাপত্র দেয়। পরে এই নিশ্চয়তাপত্র রেখে ব্যাংক অর্থ ছাড় করে। আবার কয়েকদিনের মধ্যে এই তিন প্রতিষ্ঠান ব্যাংককে নির্দেশনা দেয় তাদের হিসাব থেকে অর্থ নিয়ে হলমার্কের হিসাবে জমা করতে। ব্যাংক শাখা তাই-ই করে।তবে বিশেষভাবে উল্লেখ্য, এই যে ব্যাংক থেকে হলমার্কের অর্থ বের করে নেওয়ার ফন্দি তা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদনের মধ্যেই হয়েছে। এমনকি সোনালী ব্যাংকের পর্ষদও তা জানত। এ কাজ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনুমোদন ছাড়া কোনোভাবেই হতে পারে না।