স্বীকৃত বিলের অর্থ পরিশোধ না করার অভিযোগ ব্যবসায়ীদের
মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিলের অর্থ পরিশোধ ও বিল কিনতে ব্যাংকগুলোর গড়িমসির অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করে পোশাক খাতের শিল্পপতি-ব্যবসায়ীরা গতকাল বুধবার এই অভিযোগ করেন।এ সময় তাঁরা দেশের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকঋণের সুদহার কমানোরও দাবি জানান।গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, রপ্তানিকারকদের সমিতির (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি, বিটিএমএর সহসভাপতি আবদুল মান্নান মিঞা ও মাহাবুব হোসাইন এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, হল-মার্ক কেলেঙ্কারির পর আইবিপি (বিল) ক্রয়ে ব্যাংকগুলো একধরনের অনীহা দেখাচ্ছে। স্বীকৃত অনেক বিল মেয়াদোত্তীর্ণ হলেও যাচাই-বাছাইয়ের কথা বলে তা পরিশোধ করা হচ্ছে না। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। মহিউদ্দিন বলেন, দেশে মূল্যস্ফীতি এখন এক অঙ্কে নেমে এসেছে। অথচ ব্যাংকের সুদহার আগের মতোই রয়েছে। এ সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নীতিমালা নিয়ে বৈঠকেও আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে বলে জানান মহিউদ্দিন।