স্বেচ্ছা অবসর নিতে এয়ারটেলের ১৩৭ কর্মীর আবেদন
স্বেচ্ছা অবসর বা বিচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে মুঠোফোন অপারেটর এয়ারটেলের ১৩৭ জন কর্মী চাকরি ছেড়ে দেওয়ার আবেদন করেছেন। একীভূত রবি-এয়ারটেলে যোগ দিতে অনিচ্ছুক এয়ারটেলের কর্মীদের ভিআরএস বা ভিএসএস নিয়ে চাকরি ছাড়ার আবেদন করার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার।
এয়ারটেল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে স্থায়ী কর্মীর সংখ্যা ৩৮৩। এর মধ্যে ২৪৬ জন একীভূত কোম্পানিতে যোগ দিতে আবেদন করেছেন। বাকিরা ভিআরএস বা ভিএসএস অনুযায়ী সুযোগ-সুবিধা নিয়ে চাকরি ছেড়ে দেবেন।
রবি-এয়ারটেলের ব্যবসায়িক কার্যক্রম একীভূত (মার্জার) করতে গত ২৬ অক্টোবর চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একীভূতকরণের অন্যতম শর্ত ছিল, যেসব কর্মী একীভূত কোম্পানিতে যোগ দিতে চান না, তাঁদের জন্য স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) ও স্বেচ্ছা বিচ্ছেদ স্কিম (ভিএসএস) নিশ্চিত করতে হবে।
ভিআরএস বা ভিএসএস দেওয়ার শর্ত হিসেবে বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, ব্যবস্থাপক পর্যায়ের নিচের কর্মীদের জন্য প্রতি এক বছরের সেবার জন্য চার মাসের মূল বেতনের (গ্রস স্যালারি) সমপরিমাণ অর্থ ও সুযোগ-সুবিধা দিতে হবে। আর ব্যবস্থাপক পর্যায়ের ওপরের কর্মীদের জন্য প্রতি এক বছরের সেবার জন্য তিন মাসের গ্রস স্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করে রবি-এয়ারটেল। একীভূত কোম্পানি ‘রবি’ নামে বাংলাদেশে ব্যবসা করবে।