স্বেচ্ছায় রক্ত দিলেন শেভরনের কর্মীরা

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দিলেন শেভরন বাংলাদেশের কর্মীরা। এই দিবসের সঙ্গে একাত্ম হয়ে শেভরন বাংলাদেশ ৮ জুন শুরু করেছে রক্তদান কর্মসূচি-২০১৫।
শেভরন বাংলাদেশ জানায়, এ বছর শেভরনের ঢাকা অফিস, বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ফিল্ড এবং মুচাই কম্পেরশর স্টেশন থেকে ৪১৯ জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেছেন।
শেভরন বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বলা হয়, ঢাকায় অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন। এ সময় তিনি বলেন, এ বছরের থিম ‘থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ’ আমাদের স্মরণ করিয়ে দেয় রক্তদানের সারকথা-নিঃস্বার্থভাবে জীবন বাঁচানোর সুযোগ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একটি সামান্য অবদান হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে শেভরন বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একযোগে গত দশ বছরেরও বেশি সময় ধরে বার্ষিক রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে। পরপর দুই বছর ধরে রেড ক্রিসেন্ট সোসাইটি শেভরন বাংলাদেশকে সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত দিয়েছে। এটা অবশ্যই গর্বের বিষয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রতিবছর প্রায় ছয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। হেমোফিলিয়া, ডেঙ্গু, ব্লাড ক্যানসার, থ্যালাস্যামিয়াসহ আরও অনেক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বা অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা বছরের এই চাহিদার তুলনায় খুবই কম। দেশে নিরাপদ রক্তের তীব্র চাহিদা মেটাতে শেভরন কর্মীদের একটি বড় অংশ প্রতিবছর স্বেচ্ছায় রক্তদান করে থাকেন।