বাংলাদেশ ব্যাংকের নিকাশঘরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চেক নিষ্পত্তিব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। এতে গতকাল রোববার এই ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।কেন্দ্রীয় ব্যাংক থেকে বেলা তিনটায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়, এদিন (রোবাবর) বিকেল পাঁচটার মধ্যে সরাসরি চেক নিয়ে নিকাশঘরে উপস্থিত হতে।তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে আবারও স্বয়ংক্রিয় ব্যবস্থায় চেক নিষ্পত্তি করা সম্ভব হবে।এর আগে চলতি বছরের ৪ আগস্ট স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে প্রথম এক দিনের জন্য পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ক্রস চেক নিষ্পত্তি করে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর। তারপর ৭ অক্টোবর থেকে পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থায় ক্রস চেক নিষ্পত্তি শুরু হয়। এ কদিনে ভালোভাবেই চলছিল স্বয়ংক্রিয় ব্যবস্থা।কিন্তু নতুন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় সামান্য কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গতকাল কেন্দ্রীয় ব্যাংক সরাসরি চেক হস্তান্তরের মাধ্যমে ক্রস চেক নিষ্পত্তির আয়োজন করে।প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় চেক নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল এলাকার এক কিলোমিটারের মধ্যে ও পাঁচ লাখ টাকার বেশি মূল্যমানের চেক দিনে দিনে নিষ্পত্তি হচ্ছিল এবং মতিঝিলের বাইরের এলাকা থেকে পরের দিনের মধ্যে চেক নিষ্পত্তি করা হচ্ছিল বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।