আজ বুধবার জাতীয় কর দিবস। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো দেশে পালিত হচ্ছে এই দিবসটি। বরাবরের মতো এবারও শীর্ষ আয়করদাতাদের পুরস্কৃত করবে সরকার। আয়কর প্রদানে উৎসাহ এবং এ ব্যাপারে সচেতনতা বাড়াতে ২০০৮-০৯ অর্থবছর থেকে জাতীয়ভাবে কর দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের কর দিবসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আয়কর দেওয়াকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এই সেপ্টেম্বর মাসই আয়কর রিটার্ন বা বিবরণী দেওয়ার মাস। টিআইএনধারী ব্যক্তিশ্রেণীর সব করদাতাকে তাঁদের আয়কর রিটার্ন দিতে হয় এ মাসেই। এ কারণে সেপ্টেম্বর মাসকেই কর দিবস হিসেবে পালন করার জন্য বেছে নেওয়া হয়েছে। প্রতিবছরের ১৫ সেপ্টেম্বরকে জাতীয় কর দিবস ঘোষণা করা হয়েছে।আয়করের সীমা আগের মতোই: এবার ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা আগের মতোই থাকছে। অর্থাৎ একজন ব্যক্তি করদাতা, যাঁর বার্ষিক আয় এক লাখ ৬৫ হাজার টাকার বেশি, তাঁকে অবশ্যই তাঁর সব খাতের আয় প্রদর্শন করে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে প্রতিবন্ধী করদাতার আয় বছরে দুই লাখ টাকার বেশি হয়, তাহলেই আয়কর রিটার্ন ও কর দিতে হবে। আবার মহিলা করদাতা এবং ৬৫ বছর বা এর বেশি বয়সের প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা। রিটার্ন যাঁদের জন্য বাধ্যতামূলক: এর বাইরে আরও কিছু ব্যক্তির জন্য আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, তাঁদের আয়ের পরিমাণ যা-ই হোক না কেন। কয়েক বছর ধরে এই তালিকা মোটামুটি এক রকম রয়েছে। যেমন, ১. সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগীয় বা জেলা সদরে অবস্থানকারী কোনো ব্যক্তির যদি—ক. একতলার অধিক বাড়ি থাকে এবং প্রতি তলার আয়তন এক হাজার ৬০০ বর্গফুটের বেশি হয়; খ. একটি মোটর গাড়ি থাকে; গ. একটি টেলিফোন থাকে; ঘ. মূল্য সংযোজন কর আইনে রেজিস্ট্রিকৃত একটি ক্লাবের সদস্যপদ থাকে।২. ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে এমন ব্যবসায়ী।৩. চিকিৎসক (দাঁতের চিকিৎসকসহ), প্রকৌশলী, স্থপতি, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কিংবা অনুরূপ কোনো পেশাজীবী সংস্থার সদস্য।৪. চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য।৫. ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন বা জাতীয় সংসদের কোনো পদে নির্বাচনে অংশগ্রহণকারী।৬. সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের ডাকা টেন্ডারে অংশগ্রহণকারী।৭. যাঁর টিআইএন আছে ।৮. চলতি কর বছরের আগের তিন বছরে কখনো যাঁর আয় করযোগ্য ছিল।৯. যিনি করদাতা হতে চান। চলতি অর্থবছরের সংযোজন: চলতি অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, যেসব স্বল্প আয়ের ব্যবসায়ীর প্রারম্ভিক পুঁজি অনূর্ধ্ব আট লাখ টাকা, তাঁদের জন্য প্রদেয় আয়কর হবে দুই হাজার টাকা এবং প্রারম্ভিক পুঁজি ১০ লাখ টাকা পর্যন্ত হলে দিতে হবে চার হাজার টাকা। আবার যেসব ডাক্তার ও আইনজীবী পাঁচ বছর পর্যন্ত পেশায় নিয়োজিত আছেন, তাঁদের আয়কর দিতে হবে দুই হাজার টাকা এবং ১০ বছরের কম সময় পর্যন্ত পেশায় থাকলে দিতে হবে চার হাজার টাকা। নতুন আয়কর আইনে দুটি ক্ষেত্রে টিআইএন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। যেমন, সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎসংযোগ নেওয়ার ক্ষেত্রে এবং ভাড়ায় ব্যবহূত বাস, ট্রাক, প্রাইম মুভার, লরি ইত্যাদি যানবাহনের ফিটনেস নবায়নের ক্ষেত্রে। যাঁদের ব্যক্তিগত ব্যবহারের গাড়ি রয়েছে, তাঁদের জন্যও আয়করের হারে পরিবর্তন আনা হয়েছে। যেমন, ১৫০০ সিসি পর্যন্ত গাড়ি থাকলে রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়নের ক্ষেত্রে আয়কর দিতে হবে আট হাজার টাকা, ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ১০ হাজার টাকা, ২০০০ সিসির বেশি হলে ১৬ হাজার টাকা, ২৮০০ সিসি পর্যন্ত জিপের জন্য ১৪ হাজার টাকা, ২৮০০ সিসির ওপরে জিপের জন্য ১৮ হাজার টাকা এবং মাইক্রোবাসের জন্য দিতে হবে আট হাজার টাকা। এ ছাড়া এবার প্রথমবারের মতো জাল বা ভুয়া টিআইএন ব্যবহারকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আয়কর অধ্যাদেশ অনুযায়ী মামলা করার বিধান রাখা হয়েছে।