আন্তর্জাতিক শুল্ক দিবস আজ
স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর কাজ তিন দশকেও শেষ হলো না
তিন দশক ধরে এনবিআরের শুল্ক বিভাগের অটোমেশনের কাজ চলছে। কিন্তু পূর্ণাঙ্গ অটোমেশন তথা স্বয়ংক্রিয়তা এখনো নিশ্চিত হয়নি।
তিন দশক ধরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগের কার্যক্রমে অটোমেশন তথা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এ জন্য একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হলেও সুফল তেমন মেলেনি। অর্থাৎ শুল্ক বিভাগের পূর্ণাঙ্গ অটোমেশন হয়নি। বরং আমদানিকারক বা তাদের প্রতিনিধিকে সশরীর গিয়ে এখনো একাধিক দলিলপত্র জমা দিয়ে পণ্যের শুল্কায়ন করতে হয়। এখনো দালাল চক্রের দৌরাত্ম্য চলছে। এমনকি পাসওয়ার্ড চুরি করে পণ্য খালাসের ঘটনাও ঘটে।
এদিকে দুই দশক ধরে শুল্কহার ধারাবাহিকভাবে কমানোর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে রাজস্ব আদায়ে শুল্ক খাতের অবদান কমছে। আবার শুল্ক আদায়ে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে পর্যাপ্ত লোকবলও নেই।
এ রকম অবস্থায় আজ বুধবার দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যদেশগুলো প্রতিবছর ২৬ জানুয়ারি দিবসটি পালন করে আসছে। বাংলাদেশও প্রতিবছর এ দিবস পালন করে থাকে। আর এ বছর শুল্ক বিভাগের ৫০ বছর পূর্ণ হচ্ছে।
অটোমেশনে উদ্যোগের পর উদ্যোগ
গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে প্রথমবারের মতো শুল্ক বিভাগকে অটোমেশন তথা স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। শুরুতে চালু করা হয় এসাইকুডা ব্যবস্থা। এরপর তিন দশক ধরে নানা প্রকল্প নেওয়া নেওয়া হয়। যেমন হয়রানি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২০১৮ সালে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) ব্যবস্থা চালু করা হয়। তখন তিনটি ওষুধ কোম্পানিকে এইও সনদ দেওয়া হয়েছিল। কিন্তু এইও ব্যবস্থা গত চার বছরেও নিয়মিত করা হয়নি। এইও সনদ থাকলে আমদানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্য বন্দরে নামার পর সরাসরি খালাস করে নিতে পারে। সব মিলিয়ে শুল্কায়নের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু শুল্ক বিভাগের পুরোপুরি অটোমেশনের কাজ এখনো সম্পন্ন হয়নি।
শুল্ক কর্মকর্তাদের ঘুষ–দুর্নীতির কারণে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে না—এ অভিযোগ দীর্ঘদিনের। ২০১৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় বলা হয়েছে, শুধু চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন সাড়ে ৪৭ লাখ টাকার ঘুষ লেনদেন হয়। রয়েছে ‘বদি আলম’ বা তথাকথিত সহায়তাকারীদের দৌরাত্ম্য। অথচ এই বন্দর দিয়ে দেশের ৮০ শতাংশের বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, নব্বইয়ের দশকের শুরুতে অটোমেশনের জন্য একের পর এক প্রকল্প নেওয়া শুরু হয়। প্রতিটি প্রকল্পের ধরন প্রায় এক। একটি শেষ হয়, আরেকটি শুরু হয়। কিন্তু আগের প্রকল্পে কতটা অটোমেশন হলো, তা মূল্যায়ন না করেই পরের প্রকল্প নেওয়া হয়। অটোমেশনের মাধ্যমে প্রকৃত সংস্কারের ব্যাপারে এনবিআরের নীতিনির্ধারকদের ইচ্ছায় ঘাটতি রয়েছে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘শুল্কায়ন ব্যবস্থা সহজ করতে অটোমেশনের নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পটি যাতে যথাসময়ে শেষ হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। শুধু এনবিআর বা শুল্ক বিভাগ স্বয়ংক্রিয় হলেই হবে না, সরকারের অন্য সংস্থাগুলোকেও স্বয়ংক্রিয় হতে হবে।’
শুল্কের ‘বাহাদুরি’ কমছে
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরপর দেশে রাজস্ব আহরণে মূল ভরসা ছিল আমদানি পর্যায়ে শুল্ক আদায়। এনবিআর সূত্রে জানা গেছে, তখন মোট রাজস্বের প্রায় ৮০ শতাংশ পাওয়া যেত আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায়ের মাধ্যমে। তখন অবশ্য মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ছিল না। আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক আদায় করা হতো।
১৯৯২ সালে ভ্যাট আইন চালুর আগপর্যন্ত মোট রাজস্বের ২৬ শতাংশের মতো আসত আবগারি শুল্ক থেকে। ধীরে ধীরে বিশ্বায়নের জোয়ারে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাঠামোয় থেকে আমদানি শুল্ক কমাতে থাকে বাংলাদেশ। ফলে শুল্ক খাতের অবদানও কমতে শুরু করে। ২০০০ সালের দিকে শুল্কের অবদান কমে এনবিআরের আহরিত মোট রাজস্বের ৪০ শতাংশে নেমে আসে। এরপর তা আরও কমে সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ৩০ শতাংশের নিচে নেমে যায়। এ অর্থবছরে এনবিআর মোট ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা আদায় করে।
অর্ধেকের বেশি পদ খালি
শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায় করেন শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা। দুটি বিভাগের কর্মকর্তারা একই ক্যাডারের। তাঁদের বদলিও হয়ে থাকে এ বিভাগ থেকে ও বিভাগে। তবে এনবিআরের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, শুল্ক ও ভ্যাট বিভাগে অর্ধেকের বেশি পদ খালি আছে। বর্তমানে দুই বিভাগের জন্য মোট জনবল অনুমোদন আছে ১১ হাজার ৬৯৬ জন। এর মধ্যে ৫ হাজার ৬৩২ কর্মকর্তা-কর্মচারী আছেন। অর্থাৎ ৬ হাজার ৬৪টি পদই এখন শূন্য।
৫০ বছরেও নতুন শুল্ক আইন হয়নি
দেশে এখনো ১৯৬৯ সালের শুল্ক আইনে শুল্ক আদায় হচ্ছে। পুরোনো ও সনাতন পদ্ধতির এ আইন দিয়েই সব কার্যক্রম চলায় অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা নিয়ে জটিলতা দেখা দেয়। বর্তমান সরকার এই দফায় ২০০৯ সালে ক্ষমতায় আসার পর নতুন কাস্টমস আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ২০১২ সালে কাজ শুরু করে এনবিআর। ব্যবসায়ীদের মতামত নেওয়া, আইনের খসড়া প্রণয়ন, মন্ত্রিসভায় অনুমোদন, জাতীয় সংসদে পাসসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ২০১৮ সালের জুলাই মাস থেকে নতুন শুল্ক আইনটি বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। তখন সংসদের স্থায়ী কমিটি কিছু পর্যবেক্ষণ দিয়ে ফেরত পাঠায়। অটোমেশনে জোর দিয়ে তা সংশোধন করা হয়। এরপর জাতীয় সংসদে পাঠানো হয়। আইনটি এখনো পাস হয়নি।