যেসব মানুষের চিন্তা ও কাজ সমাজসচেতনতার উপজীব্য, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেন এক অমূল্য সম্পদ, যা সব সময় জীবন চলার পথে কাজে দেয়। খোন্দকার ইব্রাহিম খালেদ তেমনই একজন ব্যক্তিত্ব, যাঁর সঙ্গে আমার পেশাগত জীবনের কিছু স্মৃতি এমনভাবে জড়িয়ে আছে, যা ভোলার নয়। ব্যক্তিক মানবিকতা, সামাজিক সচেতনতা এবং পেশাগত নৈতিকতা উপলব্ধিতে খোন্দকার ইব্রাহিম খালেদের সান্নিধ্য জীবনের একটি অন্যতম বড় পাওয়া।
ব্যাংকিং পেশায় আসার পর প্রথম ১২টি বছর আমার কাটে উপজেলা ও জেলা শহরে। ১৯৯৫ সালে ঢাকায় বদলি হয়ে আসি। ঢাকায় আসার পর থেকে দক্ষ ও গুণী ব্যাংকারদের কাছাকাছি আসার সুযোগ হয় আমার। তাঁদেরই একজন কিংবদন্তি ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ। স্বভাবে রাশভারী একজন মানুষ। বাস্তবতা ও সমাজকাঠামোর নানা অসংগতির মধ্যেও তিনি নীতি ও সততায় অটল, অনড়।
কথা বলার ক্ষেত্রে খুবই সংযত ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। বহুমাত্রিক কাজে জীবনভর ব্যস্ত থেকেছেন। এমনকি শিল্প-সাহিত্যের প্রতিও তাঁর অনুরাগ ছিল। ২০০০ সালে খোন্দকার ইব্রাহিম খালেদ পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়ে যোগদান করেন। আমি তখন পূবালী ব্যাংকের সদরঘাট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। একবার আমার শাখার সঙ্গে সম্পর্কিত একটি ফাইলে তিনি লিখেছিলেন, ‘আদায় হইলে সদয় হোন’। এত সংক্ষেপে এত সুন্দর একটি মন্তব্য আমাকে অভিভূত করেছিল। মজার একটি বিষয় হলো পূবালী ব্যাংকে চাকরিজীবনে সব ফাইলে তিনি বাংলায় মন্তব্য করতেন। তবে সত্যিকারের ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের প্রতি আন্তরিক হলেও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিষয়ে তিনি ছিলেন ভীষণ কঠোর ও আপসহীন। এ মূল্যবোধই তাঁর প্রতি আমার শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।
সদরঘাট শাখা থেকে মহাখালী করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে বদলি হয়ে আসি। কাজ শুরু করার কিছুদিনের মধ্যে বুঝতে পারলাম শাখার ক্যাশ ইনচার্জ অনৈতিক ব্যাংকিং কর্মকাণ্ডে জড়িত। একদিন হাতেনাতে এর প্রমাণও পাই। তাঁর কর্মকাণ্ড ‘সন্দেহজনক’—এমনটা জানিয়ে তাঁকে অন্যত্র বদলি করার জন্য প্রধান কার্যালয়ে চিঠি লিখি। চিঠি পাওয়ার দু-এক দিন পরেই প্রধান কার্যালয় থেকে তাঁর কাজের বিষয়ে বিশদ ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যা দিয়ে চিঠি দেওয়ার দুদিন পরই এ কর্মকর্তাকে বরখাস্ত করে চিঠি ইস্যু করা হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে খোন্দকার ইব্রাহিম খালেদের যে বার্তা আমি পেয়েছিলাম, তা হলো ন্যায়-নীতির প্রশ্নে তিনি দৃঢ় ও আপসহীন।
খোন্দকার ইব্রাহিম খালেদ পূবালী ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংকটিকে সমস্যাযুক্ত চিহ্নিত করে এতে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ব্যাংকটিকে সমস্যা থেকে বের করে আনতে সঠিক কর্মপরিকল্পনা নেন। গুরুত্বপূর্ণ শাখাগুলোর ব্যবস্থাপক পর্যায়ে ব্যাপক রদবদল ঘটান। ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য শাখা ও মতিঝিল শাখা কয়েক বছর ধরে বিপুল পরিমাণ লোকসান দিয়ে যাচ্ছিল। সমস্যাযুক্ত ব্যাংক হওয়ার পেছন এই দুই শাখার ভূমিকাই ছিল বেশি। এমন পরিস্থিতিতে একদিন জানতে পারি, অপেক্ষাকৃত জুনিয়র নির্বাহী মো. আবদুল হালিম চৌধুরীকে (ব্যাংকের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক) বৈদেশিক বাণিজ্য শাখায় এবং আমাকে মতিঝিল শাখার ম্যানেজার হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। আমরা দুজনই তখন কেবল ডিজিএম হিসেবে পদোন্নতি পেয়েছি। প্রধান কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও পূর্ণ সহযোগিতায় কাজ শুরু করি এবং দুই বছরের মধ্যেই শাখা দুটিকে লাভজনক শাখায় উন্নীত করতে সক্ষম হই। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে পূবালী ব্যাংক সমস্যাযুক্ত ব্যাংকের গ্লানি থেকে মুক্তি পায়। পরে ২০০৬ সালের ৩০ সেপ্টেম্বর হেলাল আহমদ চৌধুরীর কাছে ব্যাংকের প্রধান নির্বাহীর দায়িত্ব দিয়ে স্বাভাবিক নিয়মে চাকরি থেকে অবসর নেন স্যার।
পূবালী ব্যাংক ও ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি স্যারের ছিল প্রগাঢ় আস্থা ও বিশ্বাস। বাংলাদেশের ব্যাংকিং জগতের যেকোনো সংকটময় মুহূর্তেও পূবালী ব্যাংক ও ব্যাংক বোর্ড নিয়ে সব সময় উচ্চাশা পোষণ করতেন তিনি। এ নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এ লিখেছিলেনও তিনি।
খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে জড়িয়ে আছে আমার ছেঁড়া ছেঁড়া নানা স্মৃতি। অবসরের পর একদিন আমাকে ডেকে নিয়ে নিজের লেখা কয়েকটি বই আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই বইগুলো আপনার জন্য। খুলে দেখি প্রতিটি বইয়ে স্যার আমার জন্য মূল্যবান কিছু কথা লিখে নিজের স্বাক্ষর করে দিয়েছেন। এ যেন এক বিরল প্রাপ্তি ছিল আমার জন্য।
ব্যাংকিং খাতে খোন্দকার ইব্রাহিম খালেদ যে মেধা ও দক্ষতার ছাপ রেখে গেছেন, তা এ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে চিরকাল। গভীর শ্রদ্ধা খোন্দকার ইব্রাহিম খালেদের প্রতি।
[গতকাল রোববার (৪ জুলাই) ছিল প্রয়াত ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের জন্মদিন। এ উপলক্ষে লেখাটি প্রকাশ করা হলো।]