স্মার্টফোন ও থ্রিজিতে চাঙা টেলিযোগাযোগ খাত
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় বিদায়ী বছরেও দেশে বেড়েছে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার। একই সঙ্গে বেড়েছে স্মার্টফোন ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার। সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উদ্যোগও ছিল চোখে পড়ার মতো।
২০১৫ সালে দেশে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে এক কোটির বেশি। ২০১৪ সালের নভেম্বর থেকে বিদায়ী বছরের নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এ সময়ে মুঠোফোন সংযোগের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ থেকে ১ কোটি ৩৫ লাখ বেড়ে ১৩ কোটি ৩১ লাখ হয়েছে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ২৯ লাখ থেকে বেড়ে ৫ কোটি ৩৯ লাখ হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকার প্রভাবে বছরের শেষ ভাগে এসে ইন্টারনেটের ব্যবহারকারী সাত লাখের বেশি কমে যায়।
মুঠোফোন ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোন বিক্রি ও থ্রিজি নেটওয়ার্ক বেড়েছে। ২০১২ থেকে ২০১৫-এই চার বছরে দেশে স্মার্টফোনের বিক্রি বেড়েছে ২০ গুণ। বিদায়ী বছরে ৬০ লাখের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে, যা ২০১৪ সালে ছিল ৪০ লাখ।
বিদায়ী বছরেও দেশে ইন্টারনেট ব্যান্ডউইট্থের দাম পাইকারি পর্যায়ে কয়েক দফা কমানো হয়েছে। এর ফলে খুচরা পর্যায়েও বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের দাম আগের চেয়ে কমে এসেছে। আগামী বছর খুচরা পর্যায়ে ইন্টারনেটের দাম আরও কমে আসবে বলে খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ভয়েস সেবার পাশাপাশি বিদায়ী বছরে ইন্টারনেট গ্রাহকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদায়ী বছরে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম আলোচিত বিষয় ছিল। এর ফলে নভেম্বরের ১৮ থেকে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত দেশে ইন্টারনেটের ব্যবহার ৩০ শতাংশ কমে যায়। একই সঙ্গে ই-কমার্স ও ফেসবুকভিত্তিক অনলাইন ব্যবসা সংকটে পড়ে।
শুধু টেলিযোগাযোগ খাতেই নয়, দেশে ব্যবসা-বাণিজ্যের একীভূতকরণ ও অধিগ্রহণের ইতিহাসে একটি অন্যতম ঘটনা রবি-এয়ারটেলের মার্জার। অপারেটর দুটি আশা করছে, সব প্রক্রিয়া শেষ করে আগামী বছরই তারা একীভূত কোম্পানি হিসেবে কাজ করতে পারবে।
বিদায়ী বছরে টেলিযোগাযোগ খাতের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সিম নিবন্ধনে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতি শুরু হওয়া। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বায়োমেট্রিক পদ্ধতি চালুর পাশাপাশি বিটিআরসির আরেকটি বড় সাফল্য ছিল বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ তৈরির উদ্যোগ। মুঠোফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর (এমএনপি) বদলের ঘোষণাও ছিল বিটিআরসির আরেকটি সাফল্য।
থ্রিজি ও টুজির তরঙ্গ নিলাম করতে না পারা ছিল বিদায়ী বছরে বিটিআরসির অন্যতম ব্যর্থতা। আন্তর্জাতিক কলের সর্বোচ্চ সীমা ও আয়ের ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তহীনতাও ছিল ব্যর্থতার তালিকায়।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘আগামী বছরে গ্রাহকসেবার মান বাড়াতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। বিটিআরসির নিজস্ব ভবন তৈরির কাজ সামনের বছর শুরু করা হবে।’