স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দশে উঠবে বাংলাদেশ

বাংলাদেশে বর্তমানে প্রতি চারজন ব্যবহারকারীর মধ্যে একজন অর্থাৎ ২৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার করে। ২০২০ সালে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়বে। তখন মোট ব্যবহারকারীর ৬০ শতাংশের হাতে এই ফোন থাকবে। মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ এমন হিসাব দিয়ে বলছে, নতুন স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধিতে শীর্ষ ১০টি দেশের মধ্যে ৭ নম্বরে থাকবে বাংলাদেশ।
জিএসএমএর হিসাবে বিশ্বজুড়ে একক মুঠোফোন সংযোগ সংখ্যা বর্তমানে ৪৯২ কোটি। এর মধ্যে ৫০ শতাংশ বা ২৪৬ কোটি সংযোগ ব্যবহৃত হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। এটি ২০২০ সালে বেড়ে ৬৬ শতাংশ হবে। আর এ প্রবৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ২০১৬ থেকে ২০২০—পাঁচ বছরে শুধু উন্নয়নশীল দেশগুলোতে নতুন ১৬০ কোটি স্মার্টফোন যোগ হবে। এই সংখ্যা সারা বিশ্বে আগামী পাঁচ বছরে যত স্মার্টফোন যোগ হবে, তার ৮৪ শতাংশ।
অপারেটর ও আমদানিকারকদের হিসাবে, স্মার্টফোন ও সাধারণ ফোন মিলিয়ে দেশে বর্তমানে নয় কোটি মুঠোফোন রয়েছে। এর মধ্যে আড়াই কোটি স্মার্টফোন। এর সঙ্গে আগামী চার বছরে আরও চার কোটি নতুন ফোন যোগ হলে অর্ধেকের বেশি মুঠোফোন ব্যবহারকারীর হাতে স্মার্টফোন চলে আসবে।
জিএসএমএ বলছে, ২০১৬ সালে উন্নয়নশীল বিশ্বে স্মার্টফোন ব্যবহারের গড় হার দাঁড়িয়েছে ৪৭ শতাংশ। ২০২০ সালে এই হার বেড়ে ৬২ শতাংশ হবে। এই সময়ে সবচেয়ে বেশি ৩৫ কোটি স্মার্টফোন যোগ হবে ভারতে। দ্বিতীয় শীর্ষ জোগানদাতা হিসেবে চীন যোগ করবে ১৮ কোটি স্মার্টফোন। এ ছাড়া শীর্ষ ১০ দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় নয় কোটি, নাইজেরিয়ায় সাত কোটি, পাকিস্তানে পাঁচ কোটি, ভিয়েতনামে চার কোটি, ব্রাজিলে তিন কোটি স্মার্টফোন যোগ হবে।
স্মার্টফোনের এ ব্যবহার বৃদ্ধিতে তিনটি বিষয় মূল ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছে জিএসএমএ। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবার বিস্তার এবং এর ব্যবহার বাড়াতে মুঠোফোন অপারেটরদের বিশেষ মূল্যে স্মার্টফোন বিক্রির বিষয়টিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জিএসএমএর মতে, নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তীব্র প্রতিযোগিতার কারণে তা স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পাশাপাশি হুয়াওয়ে, অপো, শাওমির মতো প্রতিষ্ঠিত চীনা ব্র্যান্ড স্মার্টফোনের দাম অনেকটাই কমিয়ে এনেছে। এর সুফল উন্নয়নশীল বিশ্বের ক্রেতারা তুলনামূলক বেশি হারে পেয়েছেন। এ ছাড়া নতুন করে যারা মুঠোফোন ব্যবহার শুরু করেছে, তাদের বেশির ভাগ সরাসরি স্মার্টফোন ব্যবহার করছে। এই বিষয়টি স্মার্টফোন ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তবে স্মার্টফোন ব্যবহার প্রবৃদ্ধির এ হিসাবে খুব একটা সন্তুষ্ট নয় মুঠোফোন অপারেটররা। জানতে চাইলে গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, স্মার্টফোন ব্যবহারের এ প্রবৃদ্ধিকে যথেষ্ট বলার কোনো কারণ নেই। বাংলাদেশের অনেক পরে শুরু করে মিয়ানমারে এখন ৬৮ শতাংশ ব্যবহারকারীর হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। সেখান থেকে শিক্ষা নিয়ে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়ানোর পথ খুঁজতে হবে।
মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) হিসাব অনুযায়ী, ২০১৬ সালে বিক্রি হওয়া ৩ কোটি ইউনিট মুঠোফোনের মধ্যে স্মার্টফোন বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি। এ হিসাবে গত বছর বিক্রি হওয়া ফোনের মধ্যে স্মার্টফোনের বাজার হিস্যার পরিমাণ ২৬ থেকে ২৭ শতাংশ। ২০১৫ সালে দেশের বাজারে ৬০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল।
স্মার্টফোনের ব্যবহার বাড়াতে মুঠোফোন অপারেটরদের জন্য বেশ কিছু পরামর্শও দিয়েছে জিএসএমএ। স্মার্টফোনে স্থানীয় কনটেন্ট বা বিষয়বস্তু বাড়ানো হলে সেটি ব্যবহার বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরে জিএসএমএ বলছে, স্মার্টফোন ব্যবহার করে অনলাইন কেনাকাটা, সরকারি সেবা ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবার ক্ষেত্রে উন্নয়নশীল দেশের ব্যবহারকারীরা উন্নত দেশের তুলনায় ৫০ শতাংশ পিছিয়ে আছে। এই পার্থক্য কমিয়ে আনতে স্মার্টফোন ব্যবহারকারীরা যাতে ইন্টারনেট ডেটা বেশি ব্যবহারে আগ্রহী হয়, সেদিকে অপারেটরদের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে জিএসএমএ।