স্মার্টফোননির্ভর হচ্ছে মুঠোফোন ব্যবসা
দেশে দ্রুত বাড়ছে স্মার্টফোনের বাজার। চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশে স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৪০ লাখ, যার বাজারমূল্য কমপক্ষে আড়াই হাজার কোটি টাকা। স্মার্টফোনের আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ২০১৫ সালে স্মার্টফোনের বিক্রি ৭৫ লাখ ছাড়িয়ে যাবে।
তিন থেকে চার বছর আগেও দেশের মুঠোফোনের বাজার ছিল সাধারণ ফিচার ফোনের দখলে। ২০১১ সাল থেকে দেশে স্মার্টফোন বিক্রি শুরু হয়। মাত্র দুই বছর আগেও যে বাজার ছিল ফিচার ফোনের দখলে, আয়ের দিক থেকে সেই বাজারের অর্ধেকই এখন স্মার্টফোনের দখলে।
বাজারে প্রধানত দুই ধরনের মুঠোফোন কিনতে পাওয়া যায়। ফোন করা, ছবি তোলা, গান শোনা, খুদে বার্তা পাঠানোর মতো সুবিধা যেসব মুঠোফোনে পাওয়া যায় সেগুলোকে বলা হয় ফিচার ফোন। স্মার্টফোন বলতে সাধারণভাবে কম্পিউটারের অনেক কাজ করতে সক্ষম এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে সক্ষম এমন ধরনের ফোনকে বোঝানো হয়। ফিচার ও স্মার্ট—দুই ধরনের ফোনেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকলেও তৃতীয় প্রজন্মের থ্রিজি ইন্টারনেট ব্যবহার করতে স্মার্টফোনের কোনো বিকল্প নেই।
স্মার্টফোন ব্যবহারে গত দুই বছরে দেশে বড় পরিবর্তন ঘটেছে বলে মনে করে মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)। সংগঠনটির হিসাব অনুযায়ী, ২০১২ সালে দেশে বৈধভাবে আমদানি হওয়া এক কোটি ৭২ লাখ মুঠোফোন বিক্রি হয়েছিল। ওই বছর স্মার্টফোন বিক্রি হয়েছিল মাত্র তিন লাখ। ২০১৩ সালে স্মার্টফোনের বিক্রি বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। আর চলতি বছরের নভেম্বর পর্যন্ত স্মার্টফোনের বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ। অর্থাৎ মাত্র দুই বছরে দেশে স্মার্টফোনের বিক্রি বেড়েছে প্রায় ১৪ গুণ।
বিক্রি এত বাড়ার পরও দেশে বছরে যত মুঠোফোন বিক্রি হয় তার মাত্র ২০ শতাংশ স্মার্টফোনের দখলে। বিএমপিআইএ বলছে, বর্তমানে দেশে বছরে দুই কোটির বেশি মুঠোফোন বিক্রি হয়। এর মধ্যে ফিচার ফোন বিক্রি হয় এক কোটি ৫০ লাখের বেশি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। দুই ধরনের ফোন মিলিয়ে মুঠোফোনের মোট বাজার পাঁচ হাজার কোটি টাকার বেশি।
বিক্রির দিক দিয়ে বাংলাদেশের মুঠোফোনের বাজারে শীর্ষে রয়েছে দেশীয় প্রতিষ্ঠান সিম্ফনি। তিন হাজার ৮০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২২ হাজার টাকায় বিভিন্ন মডেলের সিম্ফনির স্মার্টফোন বাজারে কিনতে পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির মার্কেটিং পরিচালক আশরাফুল হক জানান, ‘বাজার গবেষণার মাধ্যমে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে বিক্রি করায় আমাদের স্মার্টফোনগুলো জনপ্রিয়তা পেয়েছে।’ স্মার্টফোন বাজারের ৫০ শতাংশের বেশি সিম্ফনির দখলে দাবি করে তিনি জানান, গত দুই বছরে তাঁদের স্মার্টফোন বিক্রি অনেকটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
স্মার্টফোনের ব্যবহার ও বাজার বাড়াতে মুঠোফোন অপারেটররাও বেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ২০১৩ সালে থ্রিজি প্রযুক্তি চালু করার পর এ প্রযুক্তি ব্যবহার উপযোগী মুঠোফোনের বিক্রি বাড়াতে কাজ করছে অপারেটররা। থ্রিজি নেটওয়ার্কের ব্যবহার বাড়াতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেলের মতো অপারেটররা নিজেদের মতো করে স্মার্টফোন বিপণনের কাজ করছে।
দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন নিজ উদ্যোগেই বাজারে বিক্রি করছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল প্রথম আলোকে বলেন, ‘২০১৯-এর মধ্যে পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহক অর্জনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সাশ্রয়ী ইন্টারনেটের মতো সাশ্রয়ী স্মার্টফোনও সমান গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তায় গ্রামীণফোন স্মার্টফোন বাজারে আনা শুরু করেছে। বিশ্বসেরা আইফোন, স্যামসাং থেকে শুরু করে দেশীয় প্রতিষ্ঠান সিম্ফনির সহায়তায় মজিলা স্মার্টফোন আমরাই প্রথম বাজারে এনেছি। সামনের বছরগুলোতে আমাদের লক্ষ্য আরও কম দামে গ্রাহকদের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়া।’
অ্যাপলের আইফোন ৬ মডেলের স্মার্টফোন সম্প্রতি বাজারে বিক্রি শুরু করেছে গ্রামীণফোন ও রবি। স্মার্টফোন ব্যবহারে গ্রাহককে উদ্বুদ্ধ করতে এয়ারটেল তাদের নেটওয়ার্ক স্লোগানে ‘স্মার্টফোন নেটওয়ার্ক’ শব্দটি যুক্ত করেছে। স্যামসাং ও অ্যালকাটেলের স্মার্টফোন বিক্রির পাশাপাশি এয়ারটেল সম্প্রতি ১ জিবি থ্রিজি ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়ে ২৭৫ টাকা থেকে ১৯৯ টাকা করেছে এয়ারটেল।
বাংলালিংকও তাদের গ্রাহকদের জন্য কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি করছে।
আমদানি পরিস্থিতি: আমদানিকারকেরা বলছেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে মুঠোফোন আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্কের পাশাপাশি বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) ও সারচার্জ আরোপ হওয়ায় অবৈধভাবে মুঠোফোন আমদানি বেড়েছে। তিন হাজার টাকা দামের একটি মুঠোফোনের ওপর আমদানি শুল্ক, ১৫ শতাংশ মূসক ও ১ শতাংশ সারচার্জ যোগ হয়ে সেই ফোনের আমদানিতে খরচ পড়ে প্রায় তিন হাজার ৮০০ টাকা। মুঠোফোন আমদানিতে মূসক ও সারচার্জ বাদ দেওয়া হলে দেশে স্মার্টফোনের বাজার একদিকে যেমন বাড়বে, অন্যদিকে দামও অনেকটা সাধারণ মানুষের নাগালে আসবে বলে আমদানিকারকেরা মনে করেন।
রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজায় মুঠোফোনের ব্যবসা করেন এমন কয়েকজন ব্যবসায়ী জানালেন, সবচেয়ে কম দামের একটি স্মার্টফোনের দাম তিন হাজার ৫০০ টাকা। তবে নামীদামি ব্র্যান্ডের একটি স্মার্টফোন কিনতে ১০ হাজার টাকার বেশি বাজেট দরকার। পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায় এমন স্মার্টফোনের বিক্রি সবচেয়ে বেশি জানালেন বিক্রেতারা।
স্মার্টফোনের ব্যবহার প্রসঙ্গে বিএমপিআইএ মহাসচিব রেজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ইন্টারনেট-সুবিধা নিশ্চিত করতে হলে স্মার্টফোনের বিকল্প এ মুহূর্তে নেই। সবাইকে ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবে ইন্টারনেট ব্যবহার সুবিধা দেওয়া সম্ভব না, কিন্তু মোবাইলে ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার।’
অবৈধভাবে মুঠোফোন আমদানি বন্ধে মুঠোফোন শনাক্তকরণ আন্তর্জাতিক নম্বর বা আইএমইআই নম্বরের ওপর নজরদারি বাড়াতে হবে বলে মনে করেন রেজওয়ানুল হক। তিনি বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটরদের সহায়তায় অবৈধভাবে আমদানি হওয়া মুঠোফোনের আইএমইআই নম্বর শনাক্ত করে সেগুলো বন্ধ করে দিলেই দেশে এমন ফোনের আমদানি কমে যাবে।
স্মার্টফোনের ব্যবহার যে বাড়ছে তা ব্যবহারকারীরাও স্বীকার করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, চিকিৎসকসহ সব শ্রেণি-পেশার মানুষই নিজেদের প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। একটি বহুজাতিক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রুবাইয়া হাসনাত বলেন, ‘মোবাইল ব্যবহার করছি নয় বছর আর স্মার্টফোন ব্যবহার করছি এক বছর। ফেসবুকে কিছুটা সময় নষ্ট হলেও জরুরি ই-মেইল, ভাইবার, স্কাইপে কথা বলার সুবিধাগুলো স্মার্টফোনে পাচ্ছি। স্মার্টফোন আমার অনেক কাজ সহজ করে দিয়েছে।’
বর্তমান বাজার
মুঠোফোন বিক্রির আয়ের ৫০ শতাংশই আসছে স্মার্টফোন থেকে। বাংলাদেশে স্মার্টফোনের বাজার বছরে আড়াই হাজার কোটি টাকা
সম্ভাবনা
চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশে স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৪০ লাখ; যা ২০১৫ সালে ৭৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আমদানিকারক ও ব্যবসায়ীরা আশা করেন। মোবাইল অপারেটররাও স্মার্টফোন বিপণনে জোর দিচ্ছে
‘‘সবাইকে ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবে ইন্টারনেট ব্যবহার সুবিধা দেওয়া সম্ভব না, কিন্তু মোবাইলে ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব
রেজওয়ানুল হক
মহাসচিব, বিএমপিআইএ