স্মার্টফোন ব্যবসায় জোর দিচ্ছে হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বহুজাতিক মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এখন স্মার্টফোন ব্যবসায়ে বাড়তি নজর দিচ্ছে। চলতি বছরে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। সে অনুযায়ী ফ্ল্যাগশিপ পণ্য বা সবচেয়ে অভিজাত পি৮ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে আনছে হুয়াওয়ে।
বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের প্রায় ৩০০ গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২৮ মে অনুষ্ঠিত হলো এ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উদ্বোধনী অনুষ্ঠান। ‘হাতের মুঠোয় উদ্ভাবন’ স্লোগানে নতুন স্মার্টফোনের উদ্বোধন করেন হুয়াওয়ের মুঠোফোন বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো।
বাংলাদেশের গ্রাহকেরা চলতি জুনেই দেশের বাজারে এ সেট কিনতে পারবেন বলে জানিয়েছেন হুয়াওয়ে বাংলাদেশের ডিভাইস ডিরেক্টর ইঙ্গমার ওয়াং। অ্যাসসেন্ড পি৮, পি৮ ম্যাক্স ও পি৮ লাইট মডেলের এসব স্মার্টফোনের দাম পড়বে ৪০ থেকে ৫০ হাজার টাকা।
ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত সেন্টারা গ্র্যান্ড অ্যান্ড ব্যাংকক কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে স্মার্টফোনটির বৈশিষ্ট্য তুলে ধরেন হুয়াওয়ে গ্লোবাল মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ক্লেমেন্ট ওং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির দক্ষিণ-পূর্ব এশিয়ার কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান থমাস লিউ।
হুয়াওয়ে আশা করছে, চলতি বছরে থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস, নেপাল, তাইওয়ান, ভিয়েতনাম, মিয়ানমার, হংকং, চীনসহ এ অঞ্চলে তাদের স্মার্টফোন বিক্রি ১৬০ শতাংশ বেড়ে ৮ কোটিতে পৌঁছাবে।
কেভিন হো বলেন, ‘২০১৪ সালে বিশ্বব্যাপী ৭ কোটি ৫০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। সম্ভাবনাময় হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বিক্রি বাড়াতে আমরা বিশেষ পরিকল্পনা করছি।’