স্মার্টফোনে সরাসরি এনবিএর খেলা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবল এখন থেকে স্মার্টফোনেও উপভোগ করতে পারবে বিদেশি দর্শকেরা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ঘরোয়া বাস্কেটবল লিগ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) খেলাগুলো যেখানেই হোক দর্শকেরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্মার্টফোনের মাধ্যমে তা প্রাণভরে উপভোগ করতে পারবে।এনবিএ জানিয়েছে, অ্যাপল আইফোন, আইপড টাচ অথবা অ্যানড্রয়েড সুবিধাসংবলিত স্মার্টফোনের ব্যবহারকারীরা এ সুবিধা ভোগ করতে পারবে। তবে এর বিনিময়ে ব্যবহারকারীদের অবশ্যই নির্দিষ্ট অর্থের বিনিময়ে গ্রাহক হতে হবে।বাস্কেটবলকে ভক্তদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ২০০৯ সালে মোবাইলে খেলাটি দেখানোর ব্যবস্থা করা হয়।স্মার্টফোনে বাস্কেটবল পরিষেবা দেওয়ার বিষয়ে এনবিএর আন্তর্জাতিক উন্নয়ন ও ডিজিটাল পরিষেবা-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্ক বারাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর নানা প্রান্তেই এনবিএর ভক্ত ও অনুসারী রয়েছে। স্মার্টফোনের মাধ্যমে এ পরিষেবা বিদেশি দর্শকদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এত দিন যুক্তরাষ্ট্রের দর্শকদের মতো বিদেশি দর্শকেরা খেলাটি অত ভালোভাবে অনুসরণ করতে পারত না। এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময়ে বাস্কেটবলের ভক্তরা খেলা উপভোগ করতে পারবে।