স্মার্টফোনের বাজারে আবারও শীর্ষে স্যামসাং
অ্যাপলের আইফোনকে হটিয়ে স্মার্টফোনের বাজারে আবার শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্যামসাংয়ের শীর্ষে ফেরার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।
আইডিসির তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেশি হওয়ায় অ্যাপলকে টপকে গেছে স্যামসাং। আইডিসির গবেষকেরা জানিয়েছেন, এ বছরের প্রথম তিন মাসে ৮ কোটি ২৪ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। বিশ্ববাজারের ২৪ দশমিক ৫ শতাংশ এখন প্রতিষ্ঠানটির দখলে।
২০১৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর স্যামসাংয়ের বিক্রি ৭ শতাংশ কমলেও অ্যাপলকে টপকানোর কারণ হিসেবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রি কিছুটা কমে গেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ৬ কোটি ১২ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। বর্তমানে স্মার্টফোন বাজারের ১৮ দশমিক ২ শতাংশ অ্যাপলের দখলে।
গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাং বিক্রির দিক থেকে সমান অবস্থানে চলে এসেছিল। ওই সময় অ্যাপল ও স্যামসাং দুটি প্রতিষ্ঠানেরই ২০ শতাংশ বাজার শেয়ার দখলে ছিল।
সূত্র: এএফপি