স্যাটেলাইট টিভি চ্যানেল দেখতে তার লাগবে না
>স্যাটেলাইট টিভিভিত্তিক ডিটিএইচ নীতিমালা চূড়ান্ত হয়েছে, শিগগির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে অনুমোদন পাওয়া দুই প্রতিষ্ঠান
তারহীন উচ্চপ্রযুক্তির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রযুক্তি ডিটিএইচের (ডাইরেক্ট টু হোম) নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে শিগগিরই বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে ডিটিএইচ সেবা দেওয়ার লাইসেন্স পাওয়া দুই প্রতিষ্ঠান।
বাংলাদেশে এ সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড ও বায়ার মিডিয়া লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ডিসেম্বরে তাদের লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স ফি হিসেবে প্রতিষ্ঠান দুটি সরকারকে দুই কোটি করে চার কোটি টাকা দেয়। কিন্তু নীতিমালা না থাকায় এত দিনেও কার্যক্রম শুরু করতে পারেনি প্রতিষ্ঠান দুটি।
ডিটিএইচ হলো কেব্ল টেলিভিশন চ্যানেল দেখার তারহীন প্রযুক্তি। হাই-ডেফিনিশন (এইচডি) মানের ছবি এ প্রযুক্তির মাধ্যমে দেখা যায়। সাধারণ কেব্ল লাইনের মাধ্যমে এইচডি মানের ছবি দেখা যায় না।
ডিটিএইচ প্রযুক্তিতে গ্রাহকের ঘরে একটি সেট টপ বক্স (এসটিবি) স্থাপন করা হয়। ওই সেট টপ বক্সের মাধ্যমে টেলিভিশনে এইচডি চ্যানেল দেখতে পারেন গ্রাহক।
ডিটিএইচ প্রযুক্তির লাইসেন্স অনুমোদন সরকারের তথ্য মন্ত্রণালয় দিলেও নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয় বিটিআরসিকে। বিটিআরসি চলতি বছরের জানুয়ারি থেকে ডিটিএইচ নীতিমালা তৈরির কাজ শুরু করে। কমিশনের তরঙ্গ ব্যবস্থাপনা (এসএম) বিভাগ আট মাস সময় নিয়ে এ নীতিমালা তৈির করেছে। বিটিআরসির সর্বশেষ ১৮৭তম কমিশন বৈঠকে এ নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ডিটিএইচ নীতিমালায় সেট টপ বক্সের পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়েছে তিন বছর। সেট টপ বক্স স্থাপনের ১৫ দিনের মধ্যে গ্রাহকের সেবা পছন্দ না হলে তিনি তা ফেরত দিতে পারবেন। তবে একবার সেট টপ বক্স চূড়ান্তভাবে স্থাপনের পর এক বছরের মধ্যে তা আর পরিবর্তন করা যাবে না। নীতিমালা তৈরিতে বাংলাদেশের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিষয়টিও মাথায় নেওয়া হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, বেক্সিমকো কমিউনিকেশনসের আবেদনের পরিপ্রেক্ষিতে তরঙ্গ ফি প্রদান থেকে ১০ মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু বায়ার মিডিয়াকে এখনো এ সুবিধা দেওয়া হয়নি।
বিটিআরসির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নীতিমালার অভাবে লাইসেন্স পাওয়ার পরও কার্যক্রম শুরু করতে পারেনি এ দুটি প্রতিষ্ঠান। তাই সাময়িকভাবে তাদের তরঙ্গ ফি মওকুফ করা হয়েছে। এ ক্ষেত্রে বেক্সিমকো আগে আবেদন করায় সুবিধা পেয়েছে, বায়ার মিডিয়া আবেদন করলে তাদেরও একই সুবিধা দেওয়া হবে।
চূড়ান্ত হওয়া নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।