স্যামসাং ও এলজি বাংলাদেশে বিনিয়োগ করবে

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং ও এলজি বাংলাদেশে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সোমবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং-ডুয়ের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) পাশাপাশি কোরীয় বিনিয়োগকারীরা দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগ করতে আগ্রহী। স্যামসাং ও এলজি তাদের সব পণ্য বাংলাদেশে উৎপাদন করবে। যৌথ বিনিয়োগের মাধ্যমে এ দেশে কোম্পানি করবে তারা।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ও কোরিয়ার রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদনের পর তা রপ্তানি করলে দক্ষিণ কোরিয়া বেশি লাভবান হবে। দেশটি বাংলাদেশের তৈরি বেশ কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিয়েছে। এ সুবিধা গ্রহণের জন্য ব্যবসায়িক জটিলতা দূর করতে উভয় দেশ কাজ করে যাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এখনকার বাণিজ্য ব্যবধান কমানো হবে, যা কোরিয়ার অনুকূলে আছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৫১ কোটি ডলারের। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করেছে ২৪ কোটি মার্কিন ডলারের পণ্য। একই সময়ে আমদানি করেছে ১২৭ কোটি ডলারের পণ্য।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে বেশ আগ্রহী। স্যামসাং ও এলজি যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য বাড়বে এবং বাণিজ্য ব্যবধান কমে আসবে। কোরিয়া এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করবে।