স্যামসাং গ্যালাক্সি এস৬ এখন দেশের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং এস৬ ও এস৬ এজ স্মার্টফোন বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোন ও স্যামসাংয়ের কর্মকর্তারা
স্যামসাং এস৬ ও এস৬ এজ স্মার্টফোন বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোন ও স্যামসাংয়ের কর্মকর্তারা

বাংলাদেশের বাজারে বিপণন শুরু হলো স্যামসাং গ্যালাক্সি এস৬ ও এস৬ এজ স্মার্টফোনের। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে গ্রামীণফোনের নির্বাচিত ২০০ গ্রাহকের হাতে আজ সোমবার এ ফোনটি তুলে দেওয়া হবে। আর ১৭ এপ্রিল থেকে দেশের সব গ্রাহক এ ফোনটি কিনতে পারবেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে স্যামসাং মোবাইল বাংলাদেশ ও গ্রামীণফোন বাংলাদেশে এ স্মার্টফোন বাজারজাতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা অ্যালান বঙ্কে, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফোন দুটির উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে স্যামসাং এস৬ এর দাম পড়বে ৬৯ হাজার ৯০০ টাকা, আর স্যামসাং এস৬ এজের দাম
৭৯ হাজার ৯০০ টাকা। গ্রামীণফোনের গ্রাহকেরা দুই বছরের কিস্তিতেও ফোনটি কিনতে পারবেন।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘গ্যালাক্সি এস৬ ও এস৬ এজের মাধ্যমে স্যামসাং মোবাইল প্রযুক্তির পরবর্তী ধাপ উন্মোচন করছে। গ্রাহকদের চাহিদাগুলোর কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইস দুটি বিশ্ব বাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও জনপ্রিয়তা লাভ করবে বলে আমরা আশা করছি।’
ফোনটি বাজারজাত করতে গ্রামীণফোনকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রথম আলোকে হাসান মেহদী বলেন, বাংলাদেশে ৪০ হাজার টাকার অধিক মূল্যের স্যামসাং মুঠোফোন কেনেন এমন ক্রেতার ৭৬ শতাংশই গ্রামীণফোনের গ্রাহক। শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর হিসেবে গ্রামীণফোনকে তাই বেছে নেওয়া হয়েছে।
নতুন এ ফোনটির মানের ব্যাপারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নকশা, ক্যামেরার মান, চার্জ, ডিসপ্লে বা পর্দার মান, ব্যবহারের ক্ষেত্রে সন্তুষ্টি, হ্যান্ডসেটের কর্মদক্ষতা—ছয়টি বিষয়কে কেন্দ্র করে গ্যালাক্সি এস৬ তৈরি করা হয়েছে। ফোনটির পেছনের ক্যামেরার ক্ষমতা ১৬ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরার ক্ষমতা ৫ মেগাপিক্সেল। সেটটি দিয়ে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীরা ডিএসএলআর ক্যামেরার অভিজ্ঞতা পাবেন বলে দাবি কর হয় সংবাদ সম্মেলনে।
দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রেও ফোনটির ক্ষমতা তুলে ধরে জানানো হয়, ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮০ মিনিট। আর ১০ মিনিট চার্জ দিয়েই চার ঘণ্টা ব্যবহার করা যাবে। এস৬ ফোনটি হোয়াইট পার্ল, ব্লু স্যাফায়ার, গোল্ড প্লাটিনাম ও ব্লু টোপাজ—এ চারটি রঙে পাওয়া যাবে। আর এস৬ এজ ফোনটি শুধু গ্রিন এমেরাল্ড রঙে পাওয়া যাবে।
গ্রামীণফোনের অ্যালান বঙ্কে বলেন, গ্রামীণফোন সব সময় চেষ্টা করে গ্রাহকদের জন্য সর্বোত্তম সেবা দিতে। তিনি বলেন, ‘আমরা গর্বিত যে বাংলাদেশে আমাদের গ্রাহকেরাই সবার আগে স্যামসাং এস৬ ব্যবহারের সুযোগ পাবেন।’