স্যামসাং: মডেল করপোরেট প্রতিষ্ঠানের প্রতিরূপ
এককালে নুডলস তৈরি করত স্যামসাং। ১৯৩৮ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। তখন কেউ কি বুঝতে পেরেছিল যে এই স্যামসাংই এক সময় পৃথিবীর অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠানে পরিণত হবে? হয়ে উঠবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্র্যান্ডের নাম?এমন অনেক স্বপ্ন হয়তো দেখেছিলেন স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিউং চুল। চুলের সেসব স্বপ্ন যে ৭০ বছরের একটু বেশি সময়ের মধ্যে এতটা বাস্তবে রূপ নেবে, সেটাই-বা কজন ভেবেছিলেন।আজ ২০১১ সালে স্যামসাং পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম সেরা, পরিচিত একটি করপোরেট প্রতিষ্ঠানে। এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির ১৩ শতাংশ নিয়ন্ত্রণকারী এ প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্বের পরিমাণ চার হাজার কোটি মার্কিন ডলার। স্যামসাং ইলেকট্রনিকস বর্তমানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি অল্প কিছুদিনের মধ্যে টেলিযোগাযোগ প্রযুক্তি-শিল্পে বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠানকে টপকে যাবে।স্যামসাং ইলেকট্রনিকস স্যামসাং গ্রুপের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। মূলত এই স্যামসাং ইলেকট্রনিকসই স্যামসাং নামটিকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে। স্যামসাং ইলেকট্রনিকস ও প্রযুক্তি ব্যবসা ছাড়াও আরও ৮২টি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। কিন্তু এতগুলো ব্যবসার পরও স্যামসাং ইলেকট্রনিকসই কিন্তু স্যামসাংকে বিখ্যাত প্রতিষ্ঠানে পরিণত করার সবচেয়ে বড় অনুষঙ্গ হয়ে উঠেছে।স্যামসাং গ্রুপ যেমন খাবার নুডলস তৈরি করার মধ্য দিয়ে বাণিজ্যের জগতে প্রবেশ করেছিল, ঠিক তেমনি স্যামসাং ইলেকট্রনিকসের যাত্রা শুরু হয়েছিল ছোট্ট, কমদামি ট্রানজিস্টার তৈরির মধ্য দিয়ে। সেখান থেকে আজ স্যামসাং কোথায় পৌঁছে গেছে। টেলিভিশনের যে নানা প্রযুক্তি আমরা বর্তমান দুনিয়ায় দেখে থাকি, তাকেও এক অন্য উচ্চতায় নিয়ে গেছে এই প্রতিষ্ঠানটি। অ্যাপল ও নকিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে স্যামসাং ইলেকট্রনিকস টেলিযোগাযোগ প্রযুক্তি-শিল্পে এনেছে নতুনত্বের ছোঁয়া। বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের বিভিন্ন স্মার্টফোন, অন্যান্য টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপণ্য অচিরেই অনেক বড় প্রতিষ্ঠানের রাজত্বে ভাগ বসাবে এবং তা কেবলই সময়ের ব্যাপার।স্যামসাংয়ের লক্ষণীয় যে ব্যাপারটি বিদ্যমান, তা হল প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি লাভ-ক্ষতির তোয়াক্কা করে না। তাদের একমাত্র লক্ষ্য দীর্ঘমেয়াদে নির্দিষ্ট ব্যবসায়ে শ্রেষ্ঠত্বের আসনটি দখল করা। এ ধরনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে তারা এখন সফল। দীর্ঘমেয়াদি লাভালাভের অর্থ এখন তারা বিনিয়োগ করছে নতুন নতুন শিল্পে। সঠিক পরিকল্পনা ও দৃঢ় প্রতিজ্ঞার মধ্য দিয়ে স্যামসাং এই নতুন খাতগুলোতেও সফল হবে—এটা বলাই যায়। স্যামসাংয়ের এখন লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশ উপযোগী পণ্যসামগ্রী খাতে বিনিয়োগ করা। তারা পরিকল্পনা চূড়ান্ত করেছে বৈদ্যুতিক গাড়ি ও এলইডি বাতি তৈরি করার। এ ছাড়া চিকিত্সা যন্ত্রপাতি ও ওষুধ-শিল্পে স্যামসাং রাখতে চায় তাদের দৃঢ় পদচিহ্ন। প্রতিষ্ঠানটি মনে করছে, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নতুন এ ক্ষেত্রগুলো থেকে তাদের বার্ষিক আয় আসবে প্রায় ৫০০ কোটি ডলার। এ লাভ যুক্ত হলে স্যামসাং গ্রুপের বার্ষিক রাজস্ব কোথায় গিয়ে দাঁড়াবে—সেটা নতুন করে না বললেও চলে।ভবিষ্যতের স্যামসাং, জেনারেল ইলেকট্রিক না দাইয়ু?দক্ষিণ কোরিয়ার শিল্পায়নে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানগুলো অতীতে সরকারের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছে। তাদের জন্য ব্যাংকিং সেক্টর ছিল রীতিমতো খোলা। যখন যা ইচ্ছা তেমন করেই তারা বিভিন্ন ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিয়েছে। এতে সরকারেরও ছিল প্রচ্ছন্ন সমর্থন। স্যামসাং, হাইউন্দাই, দাইয়ুর মতো প্রতিষ্ঠানগুলো দুই হাতে ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে স্যামসাং ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে কিছুটা রক্ষণশীল ভূমিকায় ছিল। সে কারণে ১৯৯৭-৯৮ সালে যখন কোরিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিপর্যয় দেখা দিয়েছিল। ওই সময় নানা সমস্যা জর্জরিত প্রায় ৩০টি করপোরেট প্রতিষ্ঠান পথে বসলেও স্যামসাং নিজেদেরকে সেই সংকট থেকে দূরে রাখতে পেরেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির হাতে প্রচুর নগদ পুুঁজি থাকায় তারা খুব দ্রুত ব্যবসা সম্প্রসারণের দিকে নজর দিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকেরা স্যামসাংয়ের বর্তমান নীতিকে কিছুটা আশঙ্কার চোখে দেখছেন। কারণ, সাম্প্রতিক সাফল্যে উদ্দীপ্ত স্যামসাং সম্প্রসারণের নেশায় না আবার কোনো ভুল করে বসে। অতীতে তাদের অনেক ব্যবসায়িক ভুল ছিল। একসময় অনেক ঢাকঢোল পিটিয়ে বাজারে আসা স্যামসাং ব্র্যান্ডের গাড়ির নাম এখন আর শোনা যায় না। অনেকেই এখন স্যামসাংকে বিশ্বখ্যাত জেনারেল ইলেকট্রিক কোম্পানির (জিই) সঙ্গে তুলনা করছেন। প্রতিষ্ঠানটি পরিকল্পনায়, নীতি ও সাফল্যে তেমনই একটি ইমেজ প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু অতিরিক্ত সম্প্রসারণশীল নীতিতে বিশ্বাস করে নব্বইয়ের দশকের শেষ দিকে দাইয়ু যেমন নিজেদের বিপদ ডেকে এনেছিল, স্যামসাং না আবার তেমন কোনো সমস্যায় পড়ে, বিশ্লেষকরা এখন সে আশঙ্কাই করছেন।ইকোনমিস্ট অবলম্বনে।