স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রি স্মার্ট ফোন এখন দেশের বাজারে
স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশের বাজারে নতুন গ্যালাক্সি এসথ্রি মোবাইল ফোনসেট নিয়ে এসেছে। বিভিন্ন অত্যাধুনিক বৈশিষ্ট্যসংবলিত পেবেল ব্লু ও মার্বেল হোয়াইট রঙের এই সেটের দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫০০ টাকা। ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরসংবলিত এই ফোনসেটে রয়েছে ৪.০ ব্লটুথ, ডাবল স্পিড ওয়াই-ফাই, ১৬ গিগাবাইট বিল্ট ইন মেমোরি (৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে) এবং দীর্ঘস্থায়ী ২১০০ এমএএইচ ব্যাটারি। সেটটির ৪ দশমিক ৮ ইঞ্চির ‘এইচডি সুপার অ্যামোলেড’ ডিসপ্লেতে সিনেমা বা ছবি হয়ে ওঠে জীবন্ত। এর ৮ মেগাপিক্সেল স্মার্ট ক্যামেরায় তিন সেকেন্ডে টানা ২০টি ছবি তোলা যাবে।রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এই স্মার্ট ফোনের বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিকের বাংলাদেশ শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন। একই অফিসের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদি নতুন মোবাইল ফোনটির ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে ট্রান্সকম মোবাইল লিমিটেডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সি এস মুন বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি এসথ্রি ব্যবহারকারীদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু দেবে। অত্যাধুনিক ফিচারসংবলিত এই স্মার্ট ফোন এমনভাবে তৈরি হয়েছে যে এটি ব্যবহারকারীদের মনোভাব বুঝতে পেরে একেবারে মানবকেন্দ্রিক মোবাইল অভিজ্ঞতা দেবে।’অনুষ্ঠানো জানানো হয়, স্যামসাং গ্যালাক্সি এসথ্রি সেটটি ব্যবহারকারীর কণ্ঠস্বর চিনতে পারবে ও সহজেই তাদের প্রিয় মুহূর্তগুলো সবার কাছে পাঠিয়ে দিতে (শেয়ারিং) বা তুলে ধরতে সাহায্য করবে। এটি বুঝতে পারে কখন ব্যবহারকারী তার দিকে তাকিয়ে আছে। যেমন, কোনো ই-বুক পড়া বা ওয়েব ব্রাউজিংয়ের সময় স্ক্রিনের দিকে চোখ থাকা অবস্থায় স্ক্রিনটি কখনোই বন্ধ হবে না।