স্যামসাংয়ের সঙ্গে রবির বান্ডল অফার
বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড স্যামসাংয়ের সঙ্গে একটি বান্ডল অফার চালু করেছে। এই অফারে গ্রাহকেরা আট হাজার ৯০০ টাকায় বান্ডলটি নিলে স্যামসাং গ্যালাক্সি এইচ এনএক্সটি মোবাইল ফোনসেট পাবেন।
অফারটির আওতায় গ্রাহকেরা প্রথম তিন মাস রবি গ্রাহকদের সঙ্গে তিন হাজার ৩০০ মিনিট এবং অন্য অপারেটরে ৬৭৫ মিনিট কথা বলা এবং ১৫ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। এরপর চতুর্থ থেকে দ্বাদশ মাস পর্যন্ত যেকোনো পরিমাণ ডাটা প্যাক ক্রয় করলেই সমপরিমাণ বোনাস পাবেন গ্রাহকেরা।
এ অফার নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং এটি গ্রহণ করতে গ্রাহককে রবি সিম ব্যবহার করতে হবে। এটি পেতে ১২৩ নম্বরে কল করে নিবন্ধিত হতে হবে গ্রাহকদের। নিবন্ধন শেষে বান্ডল অফারটি চালু করবে রবি। রবির বর্তমান ও নতুন সব গ্রাহকই এই অফার গ্রহণ করতে পারবেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বান্ডলটির উদ্বোধন উপলক্ষে রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘রবি তার গ্রাহকদের জন্য সব সময়ই উদ্ভাবনী সেবা দেওয়ার চেষ্টা করে। এই অফারের মাধ্যমে গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে আমাদের ৩ দশমিক ৫জি সেবা উপভোগ করতে পারবেন।’
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ লিমিটেডের আবাসিক ব্যবস্থাপক চুন সু মুন গ্যালাক্সি এইচ এনএক্সটি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যামসাং বদ্ধপরিকর। বিশ্বের সঙ্গে দেশের তরুণদের যোগসূত্র স্থাপনে সাশ্রয়ী মূল্যে এই থ্রিজি স্মার্টফোন বাজারে এনেছি আমরা।’
এ সময় রবির ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহেসহ রবি ও স্যামসাংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।